সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

শেরপুর পৌর শহরের নারায়ণপুর এলাকার বেহাল সড়কের ওপর ধান ও কচুগাছ লাগিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার সকালে নারায়ণপুর এলাকার ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনের খানা-খন্দকে ভরা সড়কের ওপর ধান ও কচুগাছ রোপণ করেন এলাকাবাসী।
এলাকার কয়েকজন জানান, নারায়ণপুর এলাকার এ সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বর্তমানে তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে এ সড়কের ওপর দিয়ে সাধারণ মানুষ ও যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এর প্রতিবাদে আজ সকালে স্থানীয় লোকজন সড়কের ওপর ধান ও কচুগাছ লাগিয়ে দেন। এ সময় তাঁরা সড়কের ওপর যান চলাচলের বদলে চাষাবাদের প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় ওই সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন ও যাত্রী সাধারণ এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
নারায়ণপুর এলাকার ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. ফজলুল হক বলেন, নারায়ণপুর এলাকার সড়কটির ওপর দিয়ে মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। কিন্তু সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাফেরা করতে গিয়ে এলাকাবাসী চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর পৌরসভার মেয়র মো. হুমায়ুন কবীর আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইউজিআইআইপি) আওতায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ডিসি অফিস-গোপালবাড়ী বটতলা- নারায়ণপুর-শেখহাটি বাজার পর্যন্ত সড়কের উন্নয়নকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করা যায়, চলতি বর্ষা মৌসুম শেষে শুষ্ক মৌসুমের শুরুতেই সড়কটির উন্নয়নকাজ শুরু হবে।