লক্ষ্মীপুর পৌরসভার বেশির ভাগ সড়কই খানাখন্দে ভরা। এতে পৌরসভার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
১২টি ওয়ার্ড নিয়ে গঠিত লক্ষ্মীপুর পৌরসভায় তিন লক্ষাধিক মানুষের বসবাস।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, পৌরসভার ৩৪টি সড়ক বেহাল। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিম উকিল সড়ক, ৮ নম্বর ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসা সড়ক, ১ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় সড়ক, ৩ নম্বর ওয়ার্ডের কালা গাজী সড়ক, ১১ নম্বর ওয়ার্ডের সুজা বাদশা সড়ক, ১০ নম্বর ওয়ার্ডের কালু হাজি সড়ক, ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর সরকারি কলেজ সড়ক ও হাসপাতাল সড়ক এবং ৬ নম্বর ওয়ার্ডের মিয়া আবু তাহের সড়ক বেশি বেহাল।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরাফ উদ্দিন বলেন, সড়কে খানাখন্দের কারণে দ্বিগুণ রিকশাভাড়া দিয়ে যাতায়াত করতে হয়।
কালু হাজি সড়কের বাসিন্দা ওমর ফারুক বলেন, সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মানুষকে কষ্ট করে চলাচল করতে হয়।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সহিদ বলেন, তাঁর ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
রিকশাচালক মো. রফিক বলেন, রাস্তায় বড় বড় গর্তের কারণে রিকশার ক্ষতি হচ্ছে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাসফিকুর রহমান জানায়, কলেজ সড়কের অবস্থা শোচনীয়। একটু বৃষ্টি হলে রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়। এতে তাদের দুর্ভোগ পোহাতে হয়।
লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, পৌরসভার ১৩৪ কিলোমিটার সড়কের মধ্যে ১০৫ কিলোমিটার পাকা করা হয়েছে। সংস্কারের অভাবে কিছু রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে। তিনি বলেন, শিগগিরই এসব সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের বলেন, ১৫ কোটি টাকা ব্যয়ে ৩৪টি সড়ক উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।