সড়কে খানাখন্দে দুর্ভোগ ২১ গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা মহাসড়ক থেকে সুঘাট বাজার পর্যন্ত সড়কটির প্রায় চার কিলোমিটার পর্যন্ত তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সড়কের ওপর দিয়ে এ উপজেলার ভবানীপুর ও সুঘাট ইউনিয়নের ১৬টি গ্রাম এবং ধুনট উপজেলার পাঁচটি গ্রামের মানুষ চলাচল করে। সড়কে চলাচলকারী এসব মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, চার বছর আগে সড়কটি উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) থেকে সংস্কার করা হয়। কিন্তু সংস্কারের পর সড়কটি ছয় মাসও টেকেনি। দুই বছর ধরে নতুন করে সংস্কারের দাবিতে তাঁরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একাধিকবার শরণাপন্ন হলেও কোনো লাভ হয়নি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তথ্যমতে, প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি ‘উপজেলা সড়ক’-এর তালিকায় অন্তর্ভুক্ত।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সড়কটির ছোনকা মহাসড়ক থেকে চমরপাথালিয়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। চলতি বর্ষায় সড়কের পিচ-পাথর ও ইটের খোয়া উঠে গেছে। সড়কের খানাখন্দগুলো ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত গভীর।
উপসহকারী প্রকৌশলী আনছার হোসেন বলেন, সড়কটির দুর্ভোগের চিত্র তুলে ধরে ২০১৪-১৫ অর্থবছরে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু অর্থবরাদ্দ না পাওয়ায় সংস্কার করা সম্ভব হয়নি।
ভবানীপুর ইউপি চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় তিনি সড়কটির স্থায়ী সংস্কারের প্রয়োজনীয়তা একাধিকবার তুলে ধরলেও কোনো লাভ হয়নি।
চকনশি গ্রামের কৃষক মহসিন আলী বলেন, সড়কে খানাখন্দ থাকায় তাঁরা সময়মতো খেতের ফসল ছোনকা বাজারে তুলতে পারছেন না।
উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে এই সড়কটি সংস্কারের জন্য আবারও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। অনুমোদন পাওয়া গেলে সংস্কারের পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।