সড়কে গর্ত, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহগড়া–মহাজন সড়ক বেহাল। দিখলিয়া ইউনিয়নের কোলা এলাকার চিত্র l প্রথম আলো
লোহগড়া–মহাজন সড়ক বেহাল। দিখলিয়া ইউনিয়নের কোলা এলাকার চিত্র l প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া-মহাজন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, নড়াইলের প্রকৌশলী সূত্রে জানা গেছে, বড়দিয়া নৌবন্দর ও মহাজন বাজার থেকে এ সড়ক দিয়েই লোহাগড়া, নড়াইল, যাশোর, বেনাপোল স্থলবন্দর ও ঢাকায় মালামাল পরিবহন করা হয়। কালিয়া উপজেলা থেকে লোহাগড়ায় যাতায়াতের একমাত্র সড়ক এটি। ১৪ কিলোমিটার এ সড়কের অধিকাংশ জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। ২০০৫ সালে সড়কটি পুনর্নির্মাণ করা হয়। গত চার-পাঁচ বছরে এর অবস্থা আরও বেশি খারাপ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে ছোট-বড় বহু গর্ত। যানবাহনগুলো কোনো রকমে তা পার হচ্ছে। কোনো কোনো জায়গায় গর্ত বেশি। এসব জায়গায় দুর্ঘটনাও বেশি ঘটে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
মল্লিকপুর গ্রামের হাসান বিশ্বাস জানান, এ সড়কের নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তাঁর ভাই মোটরসাইকেল আরোহী আবদুল কাদের (৩৫) সম্প্রতি নিহত হন। সড়কের গর্তে নছিমন উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সড়ক দিয়ে যাতায়াতকারী রাজুপুর গ্রামের আবু আবদুল্লাহ বলেন, সড়কটি পুরোই চলাচলের অনুপযোগী। গর্তের কারণে নিজের মোটরসাইকেলটি তিনি ঠিকমতো চালাতে পারেন না।
মহাজন বাজার থেকে ঢাকাগামী বিকাশ পরিবহনের তত্ত্বাবধায়ক তুষার কান্তি বৈদ্য জানান, ১৪ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। প্রায়ই গাড়ির কাচ ও পাতি ভাঙছে। টায়ার ছিদ্র হচ্ছে।
টেম্পোচালক মনিরুল ইসলাম বলেন, এ রাস্তায় যাত্রীরা ঝাঁকি খেতে খেতে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে রোগীরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, সড়কটি পুনর্নির্মাণের জন্য সম্প্রতি অগ্রাধিকার প্রকল্পের আওতায় বরাদ্দ চাওয়া হয়েছে। প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের পর বরাদ্দ হবে।