সড়কে গর্ত, দুর্ভোগে ৫ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নবাবগঞ্জ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কেরানীগঞ্জের জিনজিরা ডাকপাড়া এলাকায় সাজেদা হাসপাতালের সামনে থেকে গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-নবাবগঞ্জ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কেরানীগঞ্জের জিনজিরা ডাকপাড়া এলাকায় সাজেদা হাসপাতালের সামনে থেকে গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

বৃষ্টি হলেই সড়কের কোথাও কোথাও পানি জমে থাকে। যাতায়াতকালে গাড়ি গর্তের মধ্যে পড়ে ঝাঁকুনিতে যাত্রীদের শরীর ব্যথা হয়ে যায়। নষ্ট হয় গাড়ির যন্ত্রাংশ। এই দুরবস্থা ঢাকার কেরানীগঞ্জের দুটি সড়কের। এই দুটি সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার পাঁচ লক্ষাধিক মানুষ প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-মাওয়া সংযোগ সড়কের কদমতলী এলাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছ থেকে চুনকুটিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটারের দুই পাশে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। রাস্তাটি সরু হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রায়ই এ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ঢাকা-নবাবগঞ্জ সড়কের কদমতলী গোলচত্বর থেকে কোনাখোলা এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে ছোট-বড় বহু গর্ত সৃষ্টি হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া সংযোগ সড়কের কদমতলী মোড় থেকে চুনকুটিয়া এলাকা পর্যন্ত রাস্তার দুই পাশে সৃষ্টি হওয়া গর্তগুলোতে পানি জমে আছে। এতে সড়কটি কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা-নবাবগঞ্জ সড়কের কেরানীগঞ্জের জিনজিরা ডাকপাড়া, জনি টাওয়ার, মনু বেপারীর ঢাল ও কোনাখোলা এলাকার ছোট-বড় গর্তগুলোতেও পানি জমে আছে।
চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আবু তালেব বলেন, ‘আমি মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। তাই প্রতিদিন চুনকুটিয়া থেকে লেগুনায় আমাকে গুলিস্তান যেতে হয়। কিন্তু যানজটের কারণে ১০ মিনিটের এতুটুকু পথ যেতে কখনো কখনো আমাদের ঘণ্টা খানেক লেগে যায়।’
কদমতলী এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক মো. বাবু বলেন, ‘ঢাকা-মাওয়া সংযোগ সড়ক দিয়ে গাড়ি চালাতে আমাদের খুব সমস্যা হয়। এ ছাড়া ঢাকা-নবাবগঞ্জ সড়কের কদমতলী থেকে কোনাখোলা পর্যন্ত বহু গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে চালাতে গেলে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। খুব শিগগিরই সড়কটি সংস্কার করা প্রয়োজন।’
ঢাকা-নবাবগঞ্জ সড়কে চলাচলকারী বাসের চালক সেলিম মিয়া জানান, তিন মাস আগে এ সড়কটি সংস্কার করা হয়েছিল। একটু বৃষ্টি হওয়াতেই সড়কটি আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। সড়কে গর্ত থাকায় গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। যাত্রী ও পরিবহন মালিকদের স্বার্থে সড়কটি পুনরায় সংস্কার করা প্রয়োজন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান জানান, সড়ক দুটি যান চলাচলের উপযোগী করার জন্য খুব শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।