সড়কে গর্ত, ভোগান্তির শেষ নেই

লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের বড়খাতা মোড় থেকে বুড়িমারী স্থলবন্দর অংশের ২২ কিলোমিটার সড়ক চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় এক বছর ধরে স্থানীয় লোকজন, দূরপাল্লার বাসের যাত্রী ও বন্দরের ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের দুরবস্থার কারণে যাত্রীবাহী বাস ও ট্রাকের ভাড়াও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, এই মহাসড়কের দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, বগুড়া, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগীয় শহরের ৪০০ থেকে ৫০০ বাস ও ট্রাক চলাচল করে। তা ছাড়া দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরের আমদানি ও রপ্তানির কাজে নিয়োজিত মালবাহী ট্রাক ও পিকআপ এই মহাসড়ক দিয়ে চলাচল করে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লালমনিরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রকল্পের আওতায় ২০০৫-০৬ অর্থবছরে ১০৬ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কটির সংস্কারকাজ করা হয়। ওটিবিএল-বেসিক ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজটি করে। ২০০৬ সালের ৬ নভেম্বর কাজ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটি এক বছর ওই সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বও পায়। তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সড়কের অবস্থা খারাপ হতে শুরু করে। গত এক বছরে এর অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে বড়খাতা মোড় পর্যন্ত ২২ কিলোমিটর সড়কজুড়ে গর্ত। এর মধ্যে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে বুড়িমারী বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঘুন্টি, খানপাড়া, পৌর শহরের বাইপাস, মির্জারকোট, বাউরা বাজার, জোড়া পুকুর, ফরামানিকের বাড়ি ও বড়খাতা মোড় পর্যন্ত সড়কের অবস্থা খুব খারাপ। সড়কের এই অংশের গর্তগুলোতে পড়ে কিংবা পাশের উঁচু অংশে ধাক্কা লেগে প্রায়ই যাত্রী ও পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। অনেক সময়ই মোটরসাইকেলও গর্তে পড়ে যায়। এ ছাড়া পাঁচ-ছয় মাস আগে এই সড়কে যাত্রীসহ একটি অটোরিকশা উল্টে যায়।
বুড়িমারী স্থলবন্দরে পণ্য বহনকারী ট্রাকচালক রোস্তম আলী বলেন, তিস্তা ব্যারাজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কটির ওপর চাপ বেড়েছে। বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী সায়েদুজ্জামান বলেন, মহাসড়কের বেহাল দশার কারণে ব্যবসায়ীরা এই বন্দরে আসতে চান না। এটি দ্রুত সংস্কার করা না হলে স্থলবন্দরটির ব্যবসায়িকভাবে ঝিমিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সওজ লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুরুজ আলী বলেন, রংপুর কার্যালয়ে সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।