সড়কে গর্ত, ৪০ হাজার মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম-কুচলিবাড়ি সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে উপজেলা সদরের দুটি ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের দিকে এলজিইডির অর্থায়নে পাটগ্রাম-কুচলিবাড়ি সড়কের ললিতারহাট পর্যন্ত তিন কিলোমিটার এবং ২০১১ সালের দিকে ললিতারহাট থেকে কুচলিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটারে কার্পেটিং করা হয়। এরপর সংস্কার না করায় সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে যায়। এ অবস্থার মধ্যেই সড়কের বৃষ্টির পানি জমে থাকায় ও যানবাহন চলাচল করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এলজিইডি পাটগ্রাম উপজেলা প্রকৌশলী হায়দার আলী বলেন, চলতি বছর সড়কের পাটগ্রাম থেকে ললিতারহাট পর্যন্ত সংস্কার করতে একটি প্রকল্প অনুমোদনের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু অনুমোদন হয়নি। প্রকল্প অনুমোিদত হলে ওই অংশ মেরামত করা হবে। আর সড়কটির ললিতারহাট- কুচলিবাড়ি অংশ গ্রামীণ সড়কের আওতায় পড়েছে। তাই সড়ক নির্মাণের চার বছর অতিক্রম না হওয়া পর্যন্ত এটি মেরামতের কোনো নিয়ম নেই।
সরেজমিনে দেখা যায়, সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। দুই পাশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে একটি গাড়ি আরেকটিকে পাশ কাটিয়ে যেতে পারছে না।
কুচলিবাড়ি গ্রামের কৃষক লিয়াকত হোসেনসহ চারজন জানান, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের হাটবাজারের নিতে হয়। এ গর্তে ভরা সড়কের কারণে ভ্যানচালকেরা যেতে চায় না। সড়কের দুরবস্থার কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। আবার হাটে সময়মতো পণ্য নিতে না পারলে কম দামে বিক্রি করতে হয়। সড়কের কারণে বিভিন্নভাবে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ভ্যানচালক আবু মিয়া জানান, ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই ভ্যান ভেঙে যায়। এ জন্য বেশি মালামাল নেওয়া যায় না। তাই গাড়িচালকেরা সড়কের কিছু স্থানের গর্তে মাটি ফেলে যাতায়াতের ব্যবস্থা করেন।