সড়কে গাছের গুঁড়ি ফেলে গণডাকাতি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অর্ধশতাধিক যাত্রী ও পথচারী গণডাকাতির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ডাকাত দল এ ঘটনা ঘটায়।
ডাকাত দল চারটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও পথচারীদের গতিরোধ করে নগদ টাকা, ল্যাপটপ, মুঠোফোনসহ মালামাল লুটে নেয়। গত শুক্রবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার কয়েকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মশাখালী ইউনিয়নের মুখী-মশাখালী সড়কের বলদী গ্রামের কাজলাবন এলাকায় ২৫ থেকে ৩০ জনের ডাকাত দল ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে সড়ক অবরোধ করে। ডাকাত দল চারটি সিএনজিচালিত অটোরিকশা ও পথচারীসহ অর্ধশতাধিক যাত্রীর টাকাপয়সা ও মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।
এ সময় এক মোটরসাইকেল আরোহী টাকা দিতে না চাইলে ডাকাতেরা তাঁকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া মুখী স্কুল বাজারের ব্যবসায়ী মো. শরিফ ও জাকির হোসেনের সঙ্গে থাকা একটি ল্যাপটপ, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা।