সড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থেকে নরসিংদী এবং ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গত এক বছরে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে চার অটোরিকশাচালক ও এক যাত্রীকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। ওই সময়ে অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় অনেকে আহত হন। ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামাতে পুলিশের তৎপরতা খুব একটা চোখে পড়ে না।
খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও নরসিংদীর ৪০ কিলোমিটার সড়কপথে অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। দুই বছর ধরে অপরাধী চক্রের দৃষ্টি পড়েছে ছোট ও হালকা এই যানটির ওপর। ওই চক্রের সদস্যরা যাত্রীবেশী এবং ভৈরবকেন্দ্রিক। কোনো কোনো ক্ষেত্রে চালকও চক্রের সদস্য। তারা টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার পরও ছুরিকাঘাত করে যাত্রীদের সড়কে ফেলে দেয়।
জানতে চাইলে অটোরিকশাচালকদের সংগঠন ভৈরব শ্রমজীবী একতা সমিতির সভাপতি মামুন মিয়া বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো অটোরিকশা ছিনতাইকারীর কবলে পড়ছে। তবে পুলিশের তৎপরতা খুব একটা চোখে পড়ছে না। জীবনের প্রয়োজনে ভ্রমণ করতে হলেও যাত্রীরা অটোরিকশাকে এখন আর নিরাপদ মনে করছেন না। স্বস্তিতে নেই চালক পরিবারের সদস্যরাও। তাই আন্দোলনে যাওয়ার কথা চিন্তা করছি।’
সর্বশেষ গত শুক্রবার সকালে নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ এলাকায় অটোরিকশাচালক শাহদাত হোসেনের (৩০) মৃতদেহ পাওয়া যায়। শাহদাতের বাড়ি ভৈরবের মিরারচর এলাকায়। বৃহস্পতিবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, গত শনিবার ছিনতাই চক্রের কয়েকজন সদস্যকে ধরা হয়েছে। বাকিদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
২ সেপ্টেম্বর সৈয়দ নজরুল ইসলাম সেতুর (ভৈরব সেতু) ওপর অটোরিকশার যাত্রী সিঙ্গাপুরপ্রবাসী রুমান মিয়ার (২৬) কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেওয়া হয়। পরে ছুরিকাঘাত করে সেতুর ওপর থেকে তাঁকে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই রুমানের মৃত্যু হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীর চান্দুপুর গ্রামে।
২০ মে নরসিংদীর শিবপুর উপজেলার ভুরবুরিয়া গ্রামের একটি সড়কে অটোরিকশাচালক ফালাগুনি মিয়ার (১৮) লাশ পাওয়া যায়। তিনি জেলার রায়পুরা উপজেলার মির্জানগর পূর্বকান্দি গ্রামের আ. লতিফের ছেলে। ২৯ আগস্ট কুলিয়ারচর শহরের বেইলি সেতুর কাছ থেকে মহিউদ্দিন বাবু (১৭) নামের আরেক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ভৈরব পৌর শহরের পঞ্চবটী মহল্লায়।
১ আগস্ট উপজেলার চানপুর গ্রামের অটোরিকশাচালক খলিলুর রহমান ছিনতাইকারীদের হাতে খুন হন। পরে বেলাব উপজেলার পূর্বপাড়া গ্রামের কাঁচা সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত আলী বলেন, এসব চক্রের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও ভৈরব এলাকার। তাই নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থানার পুলিশের সহযোগিতা নিয়ে এদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।