চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী থেকে লোহাগাড়ার পদুয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এলাকাবাসী জানান, টানা ভারী বর্ষণের কারণে সংস্কারের এক মাস শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ওই খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকছে।
মহাসড়কে চলাচলকারী কয়েকটি ট্রাক ও বাসের চালক জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। তবে সাতকানিয়া অংশের অবস্থা বেশি খারাপ।
সরেজমিনে দেখা যায়, দোহাজারী থেকে পদুয়া পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অন্তত ২০টি স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ওই স্থানগুলোতে গাড়ি চলছে ধীরগতিতে।
একটি বাসের চালক মাহবুবুল আলম বলেন, মহাসড়কজুড়ে খানাখন্দ সৃষ্টি হওয়ায় গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে। অনেক সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে আগের চেয়ে সময় বেশি লাগছে।
বাসযাত্রী আবরার হোসাইন বলেন, মহাসড়ক ভাঙাচোরা হওয়ায় গাড়ি চলে হেলেদুলে।
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মনির আহমদ প্রথম আলোকে জানান, বৃষ্টির পানিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে সড়কটি। এ ছাড়া মহাসড়কে সৃষ্ট গর্তের মধ্যে পড়ে বিকল হয়ে পড়ছে যান। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা বলেন, আপাতত ইটের খোয়া ও বালু দিয়ে গর্তগুলো ভরাট করার কাজ চলছে।
দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ্উদ্দীন চৌধুরী বলেন, বৃষ্টি কমে এলে দরপত্র আহ্বানের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নতুন করে সংস্কারের কাজ শুরু করা হবে।