সড়কে ঝরে গেল ১১ প্রাণ
দেশের আট জেলায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই শিশু, এক ব্যবসায়ী নেতাসহ ১১ জন নিহত হয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বিরামপুর (দিনাজপুর): গতকাল বিকেল চারটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে নবাবগঞ্জের দলারদরগা এলাকায় ট্রাকের চাপায় নানা-নাতি নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার ভাদুরিয়া গ্রামের আলতাব হোসেন (৬৫) ও তাঁর নাতি ইসমাইল হোসেন (১১)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, আলতাব হোসেন নিজের চার্জার রিকশা-ভ্যানে ইসমাইলকে নিয়ে দলারদরগা বাজারে যাচ্ছিল। দিনাজপুরগামী একটি ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দিলে আফতাব ও ইসমাইল ছিটকে রাস্তায় পড়ে যান। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁরা মারা যান। খবর পেয়ে বিরামপুর থানার পুলিশ ট্রাকটি আটক করে।
ফরিদপুর ও মানিকগঞ্জ: ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ সদরের দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকায় গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পাটুরিয়া থেকে গাবতলী ও অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের যাত্রী ফরিদপুর তিতুমীর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ (৫৫) ঘটনাস্থলে মারা যান। হারুণ ফরিদপুর শহরের ঝিলটুলী মহলার বাসিন্দা। ওই দুর্ঘটনায় ফরিদপুর সদরের কানাইপুরের আকবর শেখের ছেলে অ্যাম্বুলেন্সচালক রাজু শেখ (২৪) আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট: জেলার কালাইয়ের নিমেরপাড়া গ্রামের অছিমদ্দিন (৫২), তাঁর ভাতিজা তোফাজ্জল হোসেনসহ (৪০) আরও কয়েকজন ওই গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে ভটভটিতে করে পাঁচবিবির পীরের নবান্ন উৎসবে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ক্ষেতলালের পাঠানপাড়ায় তাঁদের ভটভটি উল্টে যায়। আহত অছিমদ্দিন ও তোফাজ্জলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে তাঁদের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ: জেলার হোসেনপুরের পুমদি ইউনিয়নের চর পুমদি গ্রামের হেলাল মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোছা. মীম (৯) গতকাল ফুফুর বাড়িতে যাচ্ছিল। পথে দুপুর ১২টার দিকে হোসেনপুর-গফরগাঁও সড়কের বেইলি সেতুর কাছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের গোগাইল গ্রামের শাহীন মিয়া (৪৫) ছেলে আশিক মিয়াকে (১০) নিয়ে মোটরসাইকেলে করে গতকাল দুপুরে সদর থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বালুয়াহাট এলাকায় একটি বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে শাহীন ঘটনাস্থলে নিহত হন।
মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার দাউদকান্দি সেতুর ঢালে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে ফেনীর দাগনভূঞাগামী একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তিগত গাড়ির চালক রাকিবুল মোল্লা (৩২) নিহত হন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানির দরিপদ্দভেল এলাকার বাসিন্দা। এ ছাড়া গাড়ির আরোহী এক পরিবারের চারজন আহত হন। আহত ব্যক্তিদের সবার বাড়ি দাগনভূঞায়।
ঠাকুরগাঁও: সদর উপজেলার ফকদনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৩) বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কালীতলা এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে রবিউল ঘটনাস্থলে মারা যায়।
কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলা সদরের বলদিটারী মোড়ে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাসচাপায় আবদুল কাদের (৬০) নামের এক ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন আবদুল কাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।