সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-বেলতলা-চরমোনাই সড়কের বেলতলা এলাকায় বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বরিশাল-বেলতলা-চরমোনাই সড়কের বেলতলা এলাকায় বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

গর্তে ভরা বরিশালের বেলতলা-চরমোনাই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়ক ও জনপদ বিভাগের দাবি, বিশেষ বরাদ্দ না থাকায় ঈদের আগে ওই সড়ক সংস্কারের সুযোগ নেই।
সরেজমিনে গত শনিবার দেখা গেছে, বেলতলা, চর আদবানী ও ফেরিঘাটের সড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে ইজিবাইক, রিকশা, ট্রাকসহ অন্যান্য যানবাহন। ওই সড়কের বরিশাল অংশে সুন্দরবন শিপইয়ার্ড, সুরভী শিপইয়ার্ডসহ বেশ কয়েকটি বরফকল রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালামাল এই সড়ক দিয়ে আনা-নেওয়া করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, গত চার-পাঁচ বছর ধরে সড়ক সংস্কার হচ্ছে না। মাঝেমধ্যে বড় গর্ত ভরাটের জন্য কিছু ভাঙা ইট ফেলা হয়। ইট ভেঙে বর্ষার সময় খানাখন্দ আরও বেড়ে যায়।
বেলতলা এলাকার তামিম হাওলাদার অভিযোগ করেন, বরিশাল আমানতগঞ্জ থেকে বেলতলা চরমোনাই যাওয়ার ফেরিঘাট পর্যন্ত রাস্তার অস্তিত্ব বোঝার উপায় নেই। প্রতিবছর সড়ক ও জনপথ বিভাগ কিছু ইটের সুরকি ফেলে গর্ত ঢাকার চেষ্টা করে। তাও কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যায়।
মোহাম্মদ আলী হাওলাদার জানান, প্রায় বছর পাঁচেক ধরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বরিশাল অংশের এই সড়কটির দুই পাশে ঘনবসতি হওয়ায় বর্ষার সময় বাসাবাড়ির পানিও সড়কে চলে আসে। এখানে সড়ক সংস্কার ও নর্দমা নির্মাণ করা জরুরি।
চর আদবানীর বাসিন্দা ইসমাইল মল্লিক বলেন, রাস্তাঘাট এমন ভাঙাচোরা রিকশা বা পায়ে হেঁটে চলারও উপায় নাই। রাস্তা ভাঙা থাকায় বাচ্চারা স্কুলে পর্যন্ত যেতে পারে না।
চরমোনাই এলাকার বাসিন্দা গাজী শাহ রিয়াজ বলেন, বরিশাল-বেলতলা সড়কের চরমোনাই অংশেরও দুই কিলোমিটার খানাখন্দে ভরা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হচ্ছে না। লোকজন ঝুঁকি নিয়ে ওই সড়কে চলাচল করে।
সুন্দরবন শিপইয়ার্ডের পরিচালক শওকত আকবর বলেন, এই সড়ক দিয়ে শিপইয়ার্ডের মালামাল আনা-নেওয়া ছাড়াও চরমোনাই এলাকায় অনেক মানুষ যাওয়া-আসা করে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী ও সাধারণ নাগরিক।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ সাহেদ বলেন, সড়কগুলো বর্ষায় বেশি ক্ষতির মুখে পড়ে। বেলতলা-চরমোনাই আঞ্চলিক সড়কের জন্য নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।