সড়কে ডাকাতি গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের মন্থনা এলাকায় এ ঘটনাটি ঘটে। গণপিটুনিতে নিহত কারিমুল হকের (৩২) বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর দীঘিরপাড় এলাকায়। আহত সাজু মিয়ার (৪০) বাড়ি একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে স্বপন খান নামের এক ব্যক্তি মোটরসাইকেলে রংপুর থেকে পাগলাপীর বাজারে যাচ্ছিলেন। পথে ওই দুই ডাকাত তাঁকে থামিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। তারা মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মহাসড়কের পাগলাপীর বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল ফেলে তারা পালানোর চেষ্টা করলে লোকজন তাদের আটকে গণপিটুনি দেয়। পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় কারিমুল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, গণপিটুনিতে নিহত ও আহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে।