সড়কে ডাকাতের গুলিতে আহত ১
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাতের ছোড়া গুলি সাইদুর রহমান (৩২) নামের এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে একই স্থানে ডাকাতেরা সিঙ্গাইরের তালেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক এক সদস্যের একটি মোটরসাইকেল নিয়ে যায়। গত সোমবার রাতে সিঙ্গাইর-তালেবপুর সড়কের ইসলামনগর সেতুর কাছে এ ঘটনা ঘটে।
আহত সাইদুর সিঙ্গাইরের ফোর্ডনগর এলাকার মৃত বদরউদ্দিনের ছেলে।
পুলিশ, স্থানীয় এবং ভুক্তভোগীদের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে সাবেক ইউপি সদস্য ও ইরতা গ্রামের বাসিন্দা কাওসার উদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছেলে সুমন ও নাতি বিকাশ মিয়াও ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর-তালেবপুর সড়কের ইসলামনগর এলাকায় একটি সেতুর কাছে গেলে তাঁরা ১০-১২ জন ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা বাঁশ দিয়ে গতিরোধ করে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে পাশেই একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখে। এরপর রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলার ফোর্ডনগর গ্রাম থেকে বায়রা বোনের বাড়িতে যাওয়ার পথে একই স্থানে সাইদুর ওই ডাকাতদের কবলে পড়েন। তিনি দৌড়ে পালানোর সময়চিৎকার দিলে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর ডান হাত ও পেটে গুলি লাগে। এরপর ডাকাতেরা সাবেক ইউপি সদস্যের মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ে।
পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় সাইদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান আলী বলেন, সাইদুরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।