সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দুধের দাম ও সংগ্রহের পরিমাণ কমিয়ে দেওয়ায় পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার খামারিরা উৎপাদিত দুধ নিয়ে চরম বিপাকে পড়েছেন। এতে খামারিদের ব্যাপক লোকসান দিতে হচ্ছে। এরই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার খামারিরা পাবনা-বগুড়া মহাসড়ক অবরোধ করে প্রায় ১০ মণ দুধ মহাসড়কে ঢেলে দিয়েছেন।
পাবনা ও সিরাজগঞ্জ জেলার বেড়া-সাঁথিয়াসহ কয়েকটি উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান গরুর দুধ উৎপাদনকারী এলাকা। এ এলাকার লক্ষাধিক খামারে প্রতিদিন প্রায় পাঁচ লাখ লিটার দুধ উপাদিত হয়। উৎপাদিত দুধ মিল্ক ভিটা, আড়ং দুধ, প্রাণ, ফার্মফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে বিক্রি করে থাকে। মাস খানেক আগেও প্রতিষ্ঠানগুলো ভালো দাম দিয়ে খামারিদের উৎপাদিত সব দুধ সংগ্রহ করেছে। কিন্তু প্রায় এক মাস ধরে চাহিদা কমে যাওয়ার কথা বলে প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ ব্যাপক কমিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, তারা দুধের সংগ্রহমূল্যও প্রতি লিটারে দুই থেকে আড়াই টাকা পর্যন্ত কমিয়েছে। এ অবস্থায় উৎপাদিত দুধ নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারিরা।
বেশ কয়েকজন খামারি জানান, সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো আগে প্রতি লিটার দুধের দাম ৩৮ থেকে ৪০ টাকা দিত। এখন দেওয়া হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা। এমন দামে খামারিদের এমনিতেই লোকসান হচ্ছে। এর ওপর প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহের পরিমাণ কমিয়ে দেওয়ায় তাঁদের লোকসানের পরিমাণ আরও বেড়ে গেছে। প্রতিষ্ঠানগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন দুধ সংগ্রহ পুরোপুরি বন্ধ রাখছে। আর যে দিনগুলোতে সংগ্রহ করছে, সেসব দিনে খামারিদের পুরো দুধ সংগ্রহ করছে না। খামারিপ্রতি সংগ্রহের পরিমাণ নির্দিষ্টভাবে বেঁধে দুধ সংগ্রহ করা হচ্ছে। এতে অবিক্রীত দুধ খোলা বাজারে পানির দরে (প্রতি লিটার ২৫ থেকে ৩০ টাকায়) বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা।
মিল্ক ভিটার জোড়দহ-বাঙাবাড়িয়া প্রাথমিক দুগ্ধ সমিতির সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের সমিতিতে ৫৫ জন খামারি। সমিতির আওতাভুক্ত খামারিদের কাছ থেকে মিল্ক ভিটা আগে প্রতিদিন ৩৫০ লিটার করে দুধ নিত। এখন নিচ্ছে মাত্র ১০০ লিটার। তা-ও সপ্তাহে দু-তিন দিন দুধ নেওয়া পুরোপুরি বন্ধ রাখছে। এ অবস্থায় আমরা অবিক্রীত দুধ খোলা বাজারে ২৫ থেকে ৩০ টাকা লিটার দরে বেচতে বাধ্য হচ্ছি। এতে লোকসান গুনতে গুনতে চোখেমুখে আমরা আঁধার দেখছি।’
সাঁথিয়া উপজেলার খামারি মামুন ও মাসুদ জানান, মাস দেড়েক আগেও এক বস্তা ভুসির (গোখাদ্য) দাম এক হাজার টাকা ছিল। অথচ এখন তা বেড়ে ১ হাজার ৮০ টাকা হয়েছে। একদিকে গোখাদ্যের দাম বাড়ছে, অন্যদিকে দুধের দাম কমছে। এ অবস্থা চলতে থাকলে খামারিদের গরু বেচে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
বেড়া উপজেলার পাইখন্দ গ্রামের খামারি ও স্থানীয় দুধ সংগ্রহকারী শাহাদৎ হোসেন জানান, তিনি নিজের খামারসহ এলাকার কয়েকজন খামারির কাছ থেকে প্রতিদিন এক হাজার লিটার দুধ সংগ্রহ করতেন। সংগ্রহ করা দুধ তিনটি বেসরকারি সংগ্রহকারী প্রতিষ্ঠানে দিতেন। মাস খানেক হলো প্রতিষ্ঠানগুলো প্রতিদিন তার কাছ থেকে মাত্র ৫০০ লিটার দুধ সংগ্রহ করছে। এতে দৈনিক তাঁর ১০ হাজার টাকারও বেশি ক্ষতি হচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে প্রাণ ডেইরি মিল্কের সহকারী মহাব্যবস্থাপক (পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল) শরীফউদ্দিন তরফদার বলেন, ‘প্রতিবছর এই সময়টায় দুধের চাহিদা কমে, কিন্তু উৎপাদন বাড়ে। এতে দুধের দাম ও সংগ্রহের পরিমাণ কিছুটা কমানো হয়। এ বছরও তাই হয়েছে। তবে আমরা দুধ সংগ্রহ খুব বেশি কমাইনি। আগে পাবনা-সিরাজগঞ্জ এলাকা থেকে দৈনিক ৭৫ থেকে ৮০ হাজার লিটার দুধ সংগ্রহ করা হতো। বর্তমানে তার চেয়ে প্রায় ১০ হাজার লিটার কম সংগ্রহ করা হচ্ছে।’
এদিকে সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ ও দাম কমিয়ে দেওয়ায় গতকাল বেড়া ও সাঁথিয়া উপজেলার ২০ থেকে ২৫ জন খামারি ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন। তাঁরা সংগ্রহকারী প্রতিষ্ঠানে দুধ বেচতে না পারায় ক্ষোভে-দুঃখে নিজেদের খামারে উৎপাদিত দুধ নিয়ে সমবেত হন পাবনা-বগুড়া মহাসড়কের বেড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন আমাইকোল সেতুর ওপর। এই সেতুর কাছেই রয়েছে প্রাণ, আকিজ, আড়ং দুধ, আফতাবসহ কয়েকটি বেসরকারি দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানের সংগ্রহকেন্দ্র। ক্ষুব্ধ খামারিরা মহাসড়ক অবরোধ করে প্রায় ১০ ক্যান (প্রতি ক্যানে ৪০ লিটার) দুধ সড়কে ঢেলে দেন। এ সময় সেতুর উভয় পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। খামারিরা দুধের দাম ও সংগ্রহের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন।
১২ ফেব্রুয়ারি একই কারণে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা উচ্চবিদ্যালয়ে পাবনা ও সিরাজগঞ্জের খামারিরা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে খামারিরা পাবনা-সিরাজগঞ্জ সড়কে নিজেদের খামারে উৎপাদিত দুধ ঢেলে দেন।