সড়কে ধানের বস্তা ফেলে কৃষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে চাল আমদানি বন্ধ এবং কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে গাইবান্ধায় ধানের বস্তা ফেলে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন কৃষকেরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের ডিবি সড়কের ১ নম্বর ট্রাফিক মোড়ে কৃষক সমিতির গাইবান্ধা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনের আগে একটি মিছিল জেলা শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান, জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সহসভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সমিতির সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর মণ্ডল, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ময়নুল কবীর, জেলা সিপিবির সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিপিবির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অশোক আগারওয়ালা প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান না কেনায় কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। যে হারে কৃষি উপকরণের দাম বাড়ছে, সেই হারে ধানের দাম বাড়েনি। সরকার এবার প্রতি মণ ধান ৮৮০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু সেই দামও পাচ্ছেন না কৃষকেরা। ফলে তাঁরা ধান চাষে উৎসাহ হারাচ্ছেন। সরকার ১ মে থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ঘোষণা দেয়। কিন্তু গতকাল ১৮ মে পর্যন্ত জেলায় ধান কেনা শুরুই হয়নি।
কর্মসূচিতে অংশ নেওয়া গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের কৃষক রেজাউল করিম (৪৫) বলেন, ‘এবার ছাগল বিক্রি ও ঋণ করে এক বিঘা জমিতে বোরো চাষ করি। সার, তেল, কীটনাশক, শ্রমিকসহ উৎপাদন খরচ পড়ে প্রায় নয় হাজার টাকা। বিদ্যুৎ সমস্যার কারণে সময়মতো সেচ দিতে না পারায় এবার ওই জমিতে বিআর-২৮ জাতের ধান পেয়েছি মাত্র ১৫ মণ।