
মেহেদীবাগ-চট্টেশ্বরী সড়কের বুক চিরে বসানো হয়েছে ওয়াসার পাইপ। কাটা অংশ কোনো রকম মেরামত করা হয় ইট-বালু দিয়ে। তাও কিছুদিন গাড়ি চলাচলের পর দেবে গেছে সেই কাটা অংশ। তার ওপর সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট–বড় গর্ত। গর্তে গাড়ি আটকে প্রায় সময় লেগে থাকছে যানজট।
শুধুই কি তাই! মড়ার উপর খঁাড়ার গা হয়েছে গ্যাস–সংযোগের লাইন। বিভিন্ন বাসায় গ্যাস লাইনের পাইপ বসানোর জন্য সড়ক খুুঁড়ে তা ভরাট করা হয়েছে যেনতেনভাবে। তা ছাড়া এই রাস্তার ওপর রাখা হয়েছে বর্জে্যর কনটেইনার। সেখান থেকে ময়লা-আবর্জনা উপচে পড়ছে নিয়মিত। এই অবস্থায় প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, খোঁড়াখুঁড়িতে পুরো রাস্তাই এখন বেহাল। খানাখন্দে ভরা রাস্তা। ফলে পাঁচ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগছে এক ঘণ্টার কাছাকাছি।

নগরের গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে রয়েছে হাসপাতাল, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত মাহবুবুল আলম এই সড়ক দিয়ে নিয়মিত অফিসে যাতায়াত করেন।
গত মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় নরক পার হচ্ছি। গ্রামের অনেক সড়কের চেয়ে এই রাস্তার অবস্থা খারাপ। কিন্তু সংস্কারের কোনো পদক্ষেপ দেখছি না।’
রিকশাচালক আবদুুল হালিম বলেন, এই রাস্তা দিয়ে রিকশা চালাতে প্রাণ বেরিয়ে যায়। ১০ হাত অন্তর গর্ত। প্রচণ্ড ঝাঁকুনির মধ্যে রাস্তা পার হতে হয়।
রাস্তা বেহালের বিষয়টি স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু ছালেহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওয়াসা পাইপ বসাতে সড়কটি ব্যবহার করছে। তারা এখনো সংস্কারের জন্য আমাদের আনুষ্ঠানিকভাবে রাস্তাটি বুঝিয়ে দেয়নি। তার পরও মানুষের দুর্ভোগ কমাতে মেরামতের কাজ খুব শিগগির শুরু করব। এ জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’
ওয়াসা সূত্র জানায়, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের অধীনে মেহেদীবাগ সড়কের নিচ দিয়ে পানির পাইপ বসানো হচ্ছে। এ জন্য গোলপাহাড় থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে।
ওয়াসার প্রধান প্রকৌশলী এজাজ রসুল প্রথম আলোকে বলেন, ‘উন্নয়নকাজ শেষ করতে একটু সময় লাগবে। এ জন্য সবার একটু কষ্ট হচ্ছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব, কাজ শেষ করার চেষ্টা করছি। আর রাস্তা মেরামতের জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করেছি। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না।’