সড়কে পাইকারি বাজার জনসাধারণের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের কৈলাশরঞ্জন উচ্চবিদ্যালয়ের সামনের জুমঞ্চাপাড়া সড়কে সিটি করপোরেশনের পাইকারি বাজারের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাঁচ-ছয় বছর ধরে বাজারের পরিসর বেড়ে যাওয়ায় এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে।
এলাকাবাসী ও সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের রাজা রামমোহন বিপণিবিতানের সামনের প্রধান সড়ক থেকে একটি পাকা রাস্তা জুম্মাপাড়ার দিকে চলে গেছে। ওই জুম্মাপাড়া সড়কের পূর্ব দিকে রয়েছে কৈলাশরঞ্জন উচ্চবিদ্যালয় ও পশ্চিমে রয়েছে ওই পাইকারি বাজার। গত পাঁচ-ছয় বছরে বাজারের পরিসর বেড়েছে। ফলে সড়ক দিয়ে যাতায়াতকারী এলাকার বাসিন্দাসহ শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই পাশে ৫০টি আড়ত রয়েছে। এখানে পাইকারি দরে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চাল, আলু, বেগুনসহ বিভিন্ন মালামাল বিক্রি হয়। প্রতিদিন সকাল থেকে এসব আড়তে বাজারের খুচরা ব্যবসায়ীরা মালামাল কেনেন। সেই সঙ্গে রয়েছে সাধারণ ক্রেতাদের ভিড়। সড়কের দুই পাশেই দিনব্যাপী বেচাকেনা চলছে। প্রতিনিয়ত ভ্যান ও রিকশা চলাচলের কারণে সড়কে যাতায়াতে ভোগান্তিতে পড়ছে লোকজন।
জুমঞ্চাপাড়ার বাসিন্দা রশীদ বাবু বলেন, ওই সড়ক এলাকার বাসিন্দারা কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সও যেতে পারে না। কয়েকজন শিক্ষার্থী জানায়, সড়কটিতে বাজার বসানোর কারণে চলাচলে অসুবিধা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়-লাগোয়া বাজার হওয়ায় পড়াশোনারও ব্যাঘাত হচ্ছে। বাজার করতে আসা গুপ্তপাড়ার আলী হোসেন মিয়া বলেন, সড়কটির বেহাল দশার কারণে ঐতিহ্যবাহী কৈলাশরঞ্জন বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।
খাদ্য ভান্ডারের আড়তদার নুরুল ইসলাম বলেন, কাঁচামালের আড়ত ব্যবসার কারণে অসুবিধা হয় এ কথা ঠিক। তবে এ ব্যবসা দীর্ঘদিন থেকে চলে আসছে। স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী বলেন, ‘এই সড়কটির ব্যাপারে আমি বহুবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কৈলাশরঞ্জন উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এই সড়কটিতে বাজার বসার কারণে অভিভাবকেরা বিদ্যালয়ে ছেলেমেয়েদের ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছেন।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, জনগণ যাতে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, সে ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।