সড়কে বাজার, পথচারীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বন্দরবাজারে সড়ক বাজার বসানোয় কারণে যানজটে পড়েন চলাচলকারীরা l প্রথম আলো
সিলেটের বন্দরবাজারে সড়ক বাজার বসানোয় কারণে যানজটে পড়েন চলাচলকারীরা l প্রথম আলো

সিলেট নগরের গুরুত্বপূর্ণ পাঁচ স্থানে মূল সড়কের ওপরই বসছে হাটবাজার। এসব বাজারে ভাসমান ব্যবসায়ীরা সবজি, জুতা ও কাপড়ের পসরা সাজিয়ে সপ্তাহের প্রতিদিনই বসছেন। সড়কের ওপর বাজার বসায় এসব স্থানে লেগে থাকে যানজট। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, ব্রহ্মময়ীবাজারের সম্মুখভাগ, প্রধান ডাকঘরের সামনের অংশ, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এলাকায় মূল সড়ক দখল করে ভাসমান ব্যবসায়ীরা ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন। ক্রেতা-বিক্রেতারা সড়কের একাংশ দখল করে পণ্য কেনাবেচা করেন। এতে সড়ক অপ্রশস্ত হয়ে পড়ায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় দেড় শতাধিক ভাসমান হকার রয়েছেন।
যাত্রী পরিবহনে নিয়োজিত পাঁচজন চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের অতি ব্যস্ততম সড়কের মধ্যে এই পাঁচ এলাকার সড়কগুলো অন্যতম। এসব এলাকার সড়ক মাড়িয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজার যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, মালবাহী ট্রাক ও রিকশা চলাচল করে। সড়কের ওপরে হাটবাজার বসায় যানজটের কবলে পড়েন যাত্রীরা।
বন্দরবাজার থেকে খাদিম রুটে চলাচলকারী আফসার মিয়া নামের এক অটোরিকশার চালক বলেন, সড়কের একদিক ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীরা সড়কের প্রায় মাঝামাঝি অংশ দিয়ে চলাচল করছে। এতে যানজট তৈরি হচ্ছে। তাই নির্দিষ্ট সময়ে সঠিক গন্তব্যে যাওয়াও সম্ভব হচ্ছে না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, কয়েক দিন পরপরই মূল সড়ক দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। নগরবাসীর যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাফিক পুলিশকে আরও কঠোর হওয়ার অনুরোধ জানানো হবে।