সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি
কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা-জনতা বাজার সড়কে গত শুক্রবার রাতে ব্যারিকেড দিয়ে ফের তিনটি গাড়িতে ডাকাতি করেছে ডাকাত দল।
এ সময় ডাকাতেরা যাত্রীদের মারধর করে ১১টি মুঠোফোন ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এর আগে ৪ জুলাই ডাকাতেরা একই সড়কে ২৪টি গাড়িতে ডাকাতি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত নয়টায় উপজেলার গোরকঘাটা স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশার চালক ফরিদুল আলম পাঁচজন যাত্রী নিয়ে গোরকঘাটা বাজার থেকে জনতা বাজারে যাওয়ার পথে শাপলাপুর ইউনিয়নের জেমঘাটের হিমছড়ি এলাকায় পৌঁছালে ডাকাতেরা সড়কে ব্যারিকেড দিয়ে ওই সিএনজি অটোরিকশাটি আটক করে। পরে যাত্রীদের মারধর করে পাঁচটি মুঠোফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
একই সময়ে ওই স্থানে ডাকাতেরা একটি চাঁদের গাড়ি ও একটি পানের ট্রাকে ডাকাতি করে। সব মিলিয়ে ডাকাতেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার বাসিন্দা রুহুল আমিন আরও জানান, কালারমারছড়ার চিহ্নিত সন্ত্রাসীরা শাপলাপুর সড়কে এসে প্রায় সময় ডাকাতি করে আসছে। কিন্তু পুলিশ তাদের ধরতে পারছে না।