সড়কে ভিড়, ফাঁকা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সদরঘাট পদচারী-সেতুর ওপরটা ফাঁকা। নিচে যানবাহনের ভিড়ে ঝুঁকি নিয়ে পথচারীদের সার্বক্ষণিক চলাচল। ছবিটি সম্প্রতি তোলা ষ হাসান রাজা
ঢাকার সদরঘাট পদচারী-সেতুর ওপরটা ফাঁকা। নিচে যানবাহনের ভিড়ে ঝুঁকি নিয়ে পথচারীদের সার্বক্ষণিক চলাচল। ছবিটি সম্প্রতি তোলা ষ হাসান রাজা

রাস্তায় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে পথচারী, ক্রেতা-বিক্রেতা সবাই। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। অথচ পথচারীদের জন্য তৈরি সদরঘাট পদচারী-সেতুটি (ফুট ওভারব্রিজ) একেবারে শূন্য। যেন শুধু সাক্ষীগোপাল হয়ে দাঁড়িয়ে আছে।
এ সেতুটির একদিকে বাংলাবাজার বই ও অন্যান্য সামগ্রীর প্রচুর দোকান। বিপরীত দিকে পাটুয়াটুলী ও নবাববাড়ী। সেখানে ঘড়ি, চশমা, কাপড়চোপড়ের পাইকারি মার্কেট। দক্ষিণ প্রান্তে সদরঘাট, যার শুরুতেই বহুতল বিপণিবিতান-গ্রেট ওয়াল শপিং সেন্টার। অপর প্রান্তে ভিক্টোরিয়া পার্ক হয়ে লক্ষ্মীবাজার, সোজা গেলে কোর্ট-কাচারি। চৌরাস্তা ধরে তাই সার্বক্ষণিক যাতায়াত যানবাহন আর হাজার হাজার মানুষের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে নির্মাণ করা হয় আরসিসি কাঠামোর পাকা এ সেতু। ওই সময়ে এটি নির্মাণে খরচ হয় প্রায় ৭০ লাখ টাকা। পরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে নির্মাণাধীন একটি আরসিসি সেতু ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। যার জন্য সিটি করপোরেশন নগরের অন্য এলাকাগুলোয় আরসিসির পরিবর্তে ইস্পাত কাঠামোর সেতু স্থাপনের উদ্যোগ নেয়।
সূত্রমতে, অন্য পদচারী-সেতুগুলোর তুলনায় সদরঘাট, বাংলাবাজার ও পাটুয়াটুলীর সংযোগস্থলে অবস্থিত এ আরসিসি সেতুটি ব্যয়বহুল। এ ধরনের ব্যয়বহুল ছিল যাত্রাবাড়ীর মোড়ে স্থাপিত সেতুটি। কিন্তু ফ্লাইওভার নির্মাণকাজ শুরু হওয়ার পর সেটি ভেঙে ফেলা হয়। মগবাজার মোড়ের সেতুটি প্রথমে আরসিসি কাঠামোয় করা হয়েছিল। কিন্তু দুর্ঘটনার আশঙ্কায় পরে ওপরে ইস্পাত কাঠামো যুক্ত হয়। সব দিক দিয়ে এখন গুরুত্বপূর্ণ সদরঘাট পদচারী-সেতুটি। অথচ সবচেয়ে বেশি অব্যবহূত।

ফরাশগঞ্জ থেকে বাংলাবাজার হয়ে পাটুয়াটুলী যাচ্ছিলেন অমল ভদ্র। সঙ্গে ১০ বছরের ছেলে। সেতুতে ওঠা নিরাপদ, অথচ সন্তানকে সঙ্গে করে তিনি ঝুঁকি নিয়ে রাস্তা পেরোচ্ছেন কেন জানতে চাইলে বলেন, ‘সেতুতে কেউ ওঠে না বলে আমিও উঠি না। তা ছাড়া রাস্তা দিয়ে গেলে শর্টকাট হয়।’

পাটুয়াটুলীর দিক থেকে আসা আবদুল জলিল বলেন, ‘সেতুটি দেখতে ফিটফাট হলেও আসলে সদরঘাট। ওপরে উঠে দ্যাখেন, মলমূত্রে ভরা।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সদরঘাট পদচারী-সেতুটি স্থাপিত হয়েছিল পথচারীদের সুবিধার্থে। কিন্তু কেন মানুষ ওঠে না, তা পর্যালোচনা করা হবে। পদচারী-সেতুর নিচে রাস্তার দুই পাশে ১০০ থেকে ১৫০ মিটার লোহার গ্রিল দিয়ে চলাচল বন্ধ করতে হবে। নিউমার্কেটসহ নগরের বিভিন্ন স্থানে এ ধরনের গ্রিল দিয়ে সুফল মিলেছে।