সড়কে সড়কে আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এভাবেই ময়লার স্তূপ পড়ে থাকে। ছবিটি সম্প্রতি পিটিআই মোড় থেকে তোলা l প্রথম আলো
খুলনা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এভাবেই ময়লার স্তূপ পড়ে থাকে। ছবিটি সম্প্রতি পিটিআই মোড় থেকে তোলা l প্রথম আলো

৪ জুন, বেলা ১১টা ১০ মিনিট! খুলনা নগরের পিটিআই মোড় এলাকা। এক পাশে পিটিআই প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ, অন্য পাশে ব্যাংকার্স ক্লাব, ডায়াগনস্টিক সেন্টারসহ বেশ কয়েকটি খাবারের দোকান। আর মূল সড়কের পাশে আবর্জনার স্তূপ। গৃহস্থালির বর্জ্য, পচা খাবার, পলিথিন ব্যাগ, কসাইখানার বর্জ্যে একাকার হয়ে আছে। দিনের অনেকটা সময় পেরিয়ে গেলেও সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ির দেখা নেই। প্রচণ্ড দুর্গন্ধ আর দূষণের মধ্য দিয়ে নাক চেপে কোনোমতে জায়গাটা পার হয়ে হাফ ছেড়ে বাঁচতে চাইছে স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা।
স্থানীয় লোকজন জানান, এ দৃশ্য রোজকার। অনেকটা গা সওয়া হয়ে গেছে তাঁদের। একজন পথচারী জানান, এটা একটা স্থায়ী ময়লার ডিপো। বহু বছর ধরে এভাবে চললেও করপোরেশনের কোনো মাথাব্যথা নেই।
দুপুর সাড়ে ১২টায় নগরের নিরালা মোড়ে গিয়ে দেখা গেল, সড়কের অনেকটাজুড়ে আছে আবর্জনার ভাগাড়। কয়েকজন টোকাই সেখান থেকে বোতল কুড়াচ্ছে। এর বিপরীতে খানিক দূরেই রয়েছে কয়েকটি ক্লিনিক ও বিপণিবিতান। রাস্তার ওপর করপোরেশনের আবর্জনাবাহী খোলা গাড়িতে ময়লা ওঠানো হচ্ছে। প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে।
নগরের টুটপাড়া কবরখানা মোড় পেরিয়ে কিছুদূর যেতেই বাসাবাড়ি থেকে ফেলে রাখা বর্জ্যের স্তূপ চোখে পড়ল। কিছুদূর এগোতেই এ রকম আরও কয়েকটি স্তূপ।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, করপোরেশন থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরি করা হচ্ছে। পিটিআই মোড়, জিলা স্কুল, হোটেল সিটি ইনের বিপরীতে, নিরালা মোড়সহ কিছু জায়গায় জমি না পাওয়ায় এগুলো তৈরি সম্ভব হচ্ছে না। এগুলো তৈরি হলে নগরে বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে।
গত কয়েক দিন নগর ঘুরে সড়কের পাশে আবর্জনার স্তূপ দেখা গেছে। অধিকাংশ স্থানে ডাস্টবিনের কোনো চিহ্ন নেই। পিটিআই মোড়, নিরালা মোড়, ফারাজীপাড়া মোড়, নতুন বাজার, তেঁতুলতলা মোড়, কদমতলা, হোটেল সিটি ইনের বিপরীত পাশে, জিলা স্কুলের সামনে বর্জ্য পড়ে থাকে সারা দিন। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটির নিচে ময়লা-আবর্জনা ফেলে রাখতে দেখা যায়।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রতিদিন গোটা নগরে ৪৫০ থেকে ৫০০ টন আবর্জনা তৈরি হয়। দিনে দুই দফায় এ আবর্জনা অপসারণ করা হয়। ১ হাজার ২০০টির মতো ছোট পয়েন্ট এবং বাসাবাড়ি থেকে ময়লা এনে ১৫০টির মতো বড় পয়েন্টে ফেলা হয়।
পিটিআইয়ের প্রশিক্ষক জেসমিন আক্তার বলেন, সূর্য ওঠার আগে ময়লা নিয়ে যাওয়ার কথা থাকলেও নেয় দুপুরবেলা। স্কুলের সামনে ময়লার ভাগাড় থাকায় শিশুদের অমানবিক কষ্ট হয়। নষ্ট হয় খেলার পরিবেশ। দুর্গন্ধে স্কুলের জানালা বন্ধ রাখতে হয়।
কথা হয় নিরালা মোড়ে নন্দিতা জুয়েলার্সের মালিক বিপুল পালের সঙ্গে। তিনি বলেন, প্রচণ্ড দুর্গন্ধের কারণে দোকানে ঠিকমতো বসা যায় না। রোদ একটু চড়লে দোকানের ভেতর ও চারপাশ মাছিতে ভরে যায়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বেগম ফেরদৌসী আলী বলেন, যেখানে-সেখানে পড়ে থাকা বর্জ্য থেকে জীবাণু ছড়িয়ে পড়ছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
এসটিএস তৈরির জন্য জমি না পাওয়ার কারণ কী—এমন প্রশ্নের জবাবে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা বলেন, ‘হোটেল সিটি ইনের বিপরীতে করপোরেশনের জায়গায় এসটিএস তৈরির জন্য সব প্রস্তুতি থাকলেও কেডিএর অসহযোগিতার কারণে আমরা তা পারছি না। এ ছাড়া পিটিআই মোড়ে সবুর খান ট্রাস্টের জমিতে এসটিএস তৈরির জন্য আমরা জেলা প্রশাসনের সহায়তা চেয়েও এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাইনি।’
এ নিয়ে খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ‘সবুর খান ট্রাস্টের জমির ব্যাপারে করপোরেশনের কেউ আমার সঙ্গে কথা বলেনি। বিষয়টা আমি প্রথম শুনলাম।’
নাম প্রকাশে অনিচ্ছুক কেডিএর এস্টেট শাখার এক কর্মকর্তা জানান, ওই সম্পত্তি কেডিএর। আর ওই জমির চারপাশে বড় বড় বিপণিবিতান গড়ে ওঠায় জমিটা করপোরেশনকে দেওয়া যাচ্ছে না। তবে নিউমার্কেট ও বঙ্গবাজারের পাশে একখণ্ড খালি জায়গা আছে। সেটা করপোরেশনকে দেওয়ার প্রক্রিয়া চলছে।
খোলা গাড়িতে আবর্জনা পরিবহন ও বাসাবাড়ির বর্জ্যের বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘ঢাকা সিটির মতো গার্বেজ কমপ্যাক্টর উইথ ট্রাক কেনার জন্য আমরা নতুন প্রকল্প খুঁজছি। এগুলো কেনা গেলে ওই সমস্যা আর থাকবে না।’ তিনি আরও বলেন, নতুন করে ডাস্টবিন তৈরি করা হচ্ছে না। এখন পর্যন্ত ৬০ শতাংশ এলাকায় বাসাবাড়িতে গিয়ে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে। এ প্রক্রিয়া শতভাগ করা গেলে সড়কে ও বিদ্যুতের খুঁটির নিচে আর ময়লা পড়ে থাকবে না।