সড়কে সড়কে মরণফাঁদ
‘এটি ভিআইপি রাস্তা। একবার গেলে দ্বিতীয়বার যেতে মন চায় না। ভাঙাচোরা রাস্তা, ধুলার কারণে যাত্রীও বেশি পাওয়া যায় না। তা ছাড়া দুর্ঘটনা তো ঘটছেই।’
ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন সিএনজিচালিত অটোরিকশাচালক সফর মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর-মির্জাপুর সড়কে গাড়ি চালান।
খোঁজ নিয়ে জানা গেছে, বিজয়নগর উপজেলার অনেকগুলো সড়কের অবস্থাই বেহাল। এসব সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত আর খানাখন্দ। এর মধ্যে বেশি খারাপ অবস্থা চান্দুরা-আখাউড়া বাইপাস ও হরষপুর-মির্জাপুর সড়কের। ওই দুটি সড়কে যানবাহন চলাচল করাই দুষ্কর। উঁচু-নিচু রাস্তায় চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ধুলার কারণে পথচারীদের ভোগান্তি আরও বেশি।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ১৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের চান্দুরা-আখাউড়া বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। কিন্তু সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
একইভাবে খানাখন্দে ভরা হরষপুর-মির্জাপুর সড়কও। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি ২০১১ সালে নির্মাণ করা হয়। কিন্তু বছর না যেতেই এটি ভাঙতে শুরু করে। এখন মরণফাঁদে পরিণত হয়েছে এটি। সড়কজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ।
সম্প্রতি দুই দফা সরেজমিনে দেখা গেছে, চান্দুরা-আখাউড়া বাইপাস সড়কের হরষপুর, টানপাড়া, আজমপুর, সিংগারবিল বাজার, শ্রীপুর, কাঞ্চনপুর, খিরাতলা, নোয়াগাঁও, আদমপুর, চম্পকনগর, মিলনবাজার, কালীবাজার, আইড়ল, মির্জাপুর, আমতলী বাজার, আলা দাউদপুর, চান্দুরা এলাকার রাস্তার বিটুমিন উঠে গেছে। ইট ও সুরকি উঠে যেখানে-সেখানে সৃষ্টি হয়েছে গর্তের।
হরষপুর-মির্জাপুর সড়কের হরষপুর, নিদারাবাদ, সোনামুড়া, পাঁচগ্রাম, বাগদিয়া, আমতলী, বটতলী, কইছাপাড়া, পাইকপাড়া, হাজীপুর, মির্জাপুর এলাকারও একই রকম অবস্থা। অবস্থা এতটাই শোচনীয় যে কোথাও কোথাও চার থেকে ছয় ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড ধুলোর কারণে দুর্ভোগের এই সড়কের যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ছাড়া উপজেলার নোয়াগাঁও থেকে পত্তন, চম্পকনগর থেকে কালাছড়া ও বিষ্ণুপুর-রানওয়ে বাজার সড়কেরও অবস্থা বেহাল।
দারিয়াপুর গ্রামের অটোরিকশাচালক খালেক মিয়া জানান, এক সপ্তাহের ব্যবধানে তাঁর অটোরিকশার যন্ত্রাংশ দুবার ভেঙেছে। আড়াই হাজার টাকায় মেরামত করেছেন। তিনি বলেন, ‘ভালো গাড়ি নিয়ে রাস্তায় বের হলে বাড়ি ফিরতে হয় ভাঙা গাড়ি নিয়ে।’
আরেক অটোরিকশাচালক আবদুল মতিন জানান, দুই মাস আগে উপজেলার আমতলী এলাকায় তাঁর গাড়ির যন্ত্রাংশ ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির অনেক যাত্রী আহত হন।
ব্যবসায়ী রতন মিয়া, কলেজছাত্র রুবেল মিয়াসহ কয়েকজন বাসিন্দা জানান, আখাউড়ার সঙ্গে অল্প সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম চান্দুরা-আখাউড়া বাইপাস সড়ক। সড়কটি সংস্কার না করায় তাঁদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। কোথাও যেতে সময় বেশি লাগছে, টাকাও খরচ হচ্ছে বেশি।
জানতে চাইলে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, খুব শিগগির চান্দুরা থেকে আখাউড়া বাইপাস সড়ক মেরামত করা হবে। আর হরষপুর-মির্জাপুর সড়ক মেরামতের জন্য একটি দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।