সড়কে সাঁতার দিচ্ছে হাঁস

বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে ছোটখাটো ডোবা। তাতে পাঁচ-ছয়টি হাঁস সাঁতরে বেড়াচ্ছে। এটি যে জলাশয় নয় সড়ক, তা প্রমাণ করতে এসে পড়ল একটি বাস। প্যাঁক প্যাঁক আওয়াজ তুলে হাঁসগুলো বাসের সামনে থেকে সরে গেল।
দৃশ্যটি রাজধানীর উত্তরখান ইউনিয়নের মাজার রোডের। আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে আটিপাড়া হয়ে উত্তরখান মাজার চৌরাস্তা পর্যন্ত পুরো সড়কটিতে বিশাল বিশাল গর্ত। বৃষ্টির পানি জমে তা ডোবায় পরিণত হয়েছে।
কলেজ তালতলা এলাকায় রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে পাশের পুকুরের সঙ্গে একাকার হয়ে গেছে। ওই হাঁসগুলোর মালিক কলেজ তালতলা এলাকার বাসিন্দা জহির মিয়া। তিনি বলেন, ‘বাড়িতে কতগুলা হাঁস পালি। বাড়ির পাশেই রাস্তায় পানি জমে থাকে, গাড়িও তেমন চলে না। তাই হাঁসগুলা বেশির ভাগ সময় এই রাস্তাতেই থাকে।’
সড়কটির কোটবাড়ি রেলগেট থেকে পূর্ব ফায়দাবাদ পর্যন্ত দক্ষিণখান ইউনিয়ন আর ফায়দাবাদ থেকে মাজার চৌরাস্তা পর্যন্ত উত্তরখান ইউনিয়নের অন্তর্ভুক্ত। গত মঙ্গলবার ঘুরে দেখা যায়, কোটবাড়ি বাজার, চৌয়ারির টেক, মাদ্রাসা রোড, আটিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, ফায়দাবাদ, কলেজ তালতলা এলাকার সড়ক পানিতে তলিয়ে আছে। সড়কের ডুবে থাকা গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলছে রিকশা-ইজিবাইক।
আবদুল্লাহপুর থেকে মাজার চৌরাস্তা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগের। সড়কটি সর্বশেষ ২০০৯ সালে সংস্কার করা হয়েছিল। এর দুই বছরের মাথায় ঢালাই নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হয়। কিন্তু গত ছয় বছরে আর কোনো সংস্কারকাজ হয়নি।
উত্তরখান ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ রাস্তাটা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাবিশ ফেলা হলেও বৃষ্টির পানিতে সেগুলো থাকে না। এত দিন ধরে রাস্তাটা খারাপ অথচ সড়ক ও জনপথ বিভাগ কিছুই করেনি। অন্তত জরুরি কিছু সংস্কারকাজ করলেও মানুষের চলাচল করতে কষ্ট কমত।’
বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মুবিন খান বলেন, ‘প্রতিদিন এ সড়ক দিয়ে আবদুল্লাহপুর যাওয়া-আসাতেই অনেক সময় চলে যায়। ৩০ টাকার রিকশাভাড়া এখন ৬০ টাকা দিতে হচ্ছে। আমাদের টাকা-সময় নষ্ট, ভোগান্তিও হচ্ছে; শুধু কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না।’
সড়কটির সবচেয়ে বাজে অবস্থা আটিপাড়া বাসস্ট্যান্ড থেকে কলেজ তালতলা হয়ে মাজার চৌরাস্তা পর্যন্ত অংশের। এ অংশে রিকশা-ইজিবাইক চলাচলও বন্ধ হয়ে গেছে। ইজিবাইকচালক বলেন, ‘এত বড় বড় গর্ত গাড়ি উল্টায় যায়। দুর্ঘটনার ভয়ে আটিপাড়া থেকে মাজার চৌরাস্তা পর্যন্ত যাত্রী তুলি না। এত গভীর গর্ত যে হঠাৎ করে গাড়ি দেবে যায়।’
এবড়োখেবড়ো রাস্তায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইট, বালি, সুরকি ফেলা হলেও তাতে কাজের কাজ কিছু হচ্ছে না। উত্তরখান-দক্ষিণখান এলাকায় বেশ কিছু পোশাক কারখানাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান আছে। বাংলাদেশ জেলা তথ্যবাতায়নের হিসাব অনুযায়ী, এই দুই ইউনিয়নে বাসিন্দা আছে প্রায় সাত লাখ। রাস্তাটির এ অবস্থার কারণে দুই ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে।
দক্ষিণখান ইউনিয়নের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, দক্ষিণখানের প্রধান দুটি রাস্তাই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। দুটির অবস্থাই খারাপ। লোকজনের উপায় নেই বলে বাধ্য হয়ে চলছে। জনগণের কথা চিন্তা করে সওজ যেন সড়কটি ঠিক করে দেয়।
সওজের ঢাকা সাব ডিভিশন-১-এর প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘আবদুল্লাহপুর থেকে মাজার চৌরাস্তা পর্যন্ত সড়কটির অবস্থা বেশি খারাপ। বালু ফেলে স্বল্পমেয়াদি চলাচলের উপযোগী করে দেওয়ার চেষ্টা করব। বর্ষায় এর বেশি কিছু করলেও থাকবে না। রাস্তাটি সওজের একটি প্রকল্পের অধীনে আছে। আগামী বছর ওই প্রকল্পের কাজ শুরু হতে পারে।’