সড়কে সড়কে পানি, নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের সেন্ট্রাল রোডের পায়রা চত্বরে গতকাল বৃষ্টির পানি জমে গেলে দুর্ভোগে পড়ে পথচারীরা l প্রথম আলো
রংপুর নগরের সেন্ট্রাল রোডের পায়রা চত্বরে গতকাল বৃষ্টির পানি জমে গেলে দুর্ভোগে পড়ে পথচারীরা l প্রথম আলো

অবিরাম বৃষ্টিতে রংপুর শহরের উল্লেখযোগ্য সড়কগুলোয় পানি জমে যাওয়ায় চলাচলে নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিষ্কাশনব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে যায়।

গত শনিবার বিকেল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। শহরের পায়রা চত্বর থেকে সেন্ট্রাল রোডে, সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সিটি বাজার পর্যন্ত আধা কিলোমিটার সড়কের দুই পাশে পানি জমে গেছে।

শহরের সেন্ট্রাল রোডে পানি ডিঙ্গিয়ে চলাচল করতে যাওয়া একজন শিক্ষার্থীর অভিভাবক আজিজুল ইসলাম বলেন, ময়লা জমে নর্দমার মুখগুলো বন্ধ হয়ে গেছে। এ কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে একাকার হয়ে যায়।

শহরের জাহাজ কোম্পানী মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার বিপণিবিতানের সামনের সড়কে পানি জমে থাকতে দেখা যায়। শহরের মন্থনা রোড, কোতোয়ালি থানার সামনের সড়ক, জিএল রায় রোড, ধাপসহ আরও অনেক সড়কে পানি জমে থাকতে দেখা যায়।

নগরের বাবুখা, গণেশপুর, মুলাটোল, কেরানীপাড়া, বালাপাড়া, রামপুরা, আলমনগর, নিউ জুম্মাপাড়া, নীলকণ্ঠ, জলকর, মেডিকেল পূর্বগেট, নিউ শালবন, শালবন মিস্ত্রিপাড়া, রবার্টসনগঞ্জ, মন্ডলপাড়া, কামারপাড়াসহ আরও বেশ কিছু এলাকার সড়কে পানি জমে যাওয়ায় লোকজন চলাচলের বিড়ম্বনায় পড়েন।

রংপুর বিভাগ উন্নয়ন সামাজিক আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, সড়কের মধ্যে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, বিভিন্ন ভবন তৈরির সময় লোকজন নর্দমার ব্যবস্থা না করে বাড়িঘর নির্মাণ করেছে। এতে বৃষ্টি হলে সব পানি সড়কের মধ্যে গিয়ে পড়ে।