সড়কে হেলে পড়েছে গাছের ডাল, ঝুঁকিতে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্য দিয়ে যাওয়া মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কের ওপর বিপুলসংখ্যক গাছের ডালপালা হেলে পড়েছে। এতে এসব সড়কে বাস-ট্রাক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের উনত্রিশ মাইল থেকে ছোট খোঁচাবাড়ি পর্যন্ত, ঠাকুরগাঁও-গড়েয়া সড়ক, বড় খোঁচাবাড়ি-বকুলতলা, ঠাকুরগাঁও-ফাঁড়াবাড়ি ও শহরের রেলস্টেশন সড়কসহ বিভিন্ন সড়কের দুই ধারের বহুসংখ্যক গাছের ডালপালা হেলে পড়েছে।
এ ব্যাপারে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আবদুল আউয়াল বলেন, ‘সম্প্রতি ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ি এলাকায় হেলে পড়া গাছের ডালে ধাক্কা খেয়ে বাসের ছাদে চড়ে যেতে থাকা এক যাত্রী নিচে পড়ে যান। শুনেছি, পরে তিনি হাসপাতালে মারা গেছেন।’
ট্রাকচালক আবদুর রহমান বলেন, তিন মাস আগে বড় খোঁচাবাড়ি এলাকা পার হওয়ার সময় বাতাসে একটি গাছের ডাল এসে তাঁর ট্রাকের কাচে আঘাত করে। এতে গাড়ির কাচ না ভাঙলেও তিনি অল্পের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ার হাত থেকে বেঁচে যান।
শহরের বাসচালক আমির আলী বলেন, ‘জেলার সড়ক-মহাসড়কে শত শত যানবাহন চলাচল করে। বিপরীত দিক থেকে আসা যানবাহনকে জায়গা দিতে গিয়ে অনেক সময় সড়কের ধার ঘেঁষে যেতে হয়। তখন হেলে পড়া গাছ ও ডালপালায় ধাক্কা লাগার আশঙ্কা থাকে।’
ঠাকুরগাঁও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদ বলেন, সওজের অধীনের মহাসড়ক ও জেলা শহরের সংযুক্ত আঞ্চলিক সড়কে বহুসংখ্যক পুরোনো গাছপালা আছে। এগুলোর ডালপালা সড়কের ওপর এসে পড়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ডালপালাগুলো কেটে ফেলা দরকার বলে তিনি মনে করেন।
অন্যদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনও সড়কের ওপর হেলে পড়া গাছের ডালপালাগুলো শিগগিরই কেটে ফেলার আশ্বাস দেন।