সড়কে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় গতকাল শনিবার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি বিকল্প সেতুর (ডাইভারশন) ওপর পণ্যবাহী ট্রাক আটকে গেলে কক্সবাজার-টেকনাফ সড়কে প্রায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা থেকে টেকনাফগামী কয়েক শ বাস-ট্রাক আটকে থাকে। প্রবল বর্ষণের মধ্যে পর্যটকসহ হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।
সওজের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বৃষ্টির জন্য বিকল্প সেতুর ওপর থেকে ট্রাকটি সরাতে বিলম্ব হয়। বিকেল পাঁচটায় ট্রাকটি সরিয়ে যান চলাচলের সুযোগ করে দেওয়া হয়।
স্থানীয় লোকজন জানান, সকাল সাতটার দিকে টেকনাফ স্থলবন্দর থেকে আসা ট্রাকটি রাজাপালং বিকল্প সেতুর ওপর ওঠামাত্র সেতুর একটি অংশ দেবে যায়। এতে ট্রাকটি সেতুর ওপর আটকে পড়ে। বিকল্প এ সেতুর পাশের সেতুটি সংস্কারের জন্য ২০ দিন আগে ভেঙে ফেলা হয়েছে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের প্রায় ৯০ কিলোমিটার এলাকায় নতুন করে নির্মাণের জন্য ১৪টি (ব্রিটিশ আমলে তৈরি) ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে ফেলা হয়েছে। এসব সেতুর পাশে বিকল্প সড়ক ও সেতু নির্মাণ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু গতকাল বৃষ্টির কারণে বিকল্প সেতুর নিচের মাটি কিছুটা নরম হয়ে যায়। এ অবস্থায় সেতুর ওপর অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলতে গিয়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের পরিচালক আজিজুর রহমান বলেন, সেতুর ওপর ট্রাক আটকে পড়ার কারণে বিকেল পাঁচটা পর্যন্ত টেকনাফে কয়েক শ পর্যটক আটকে ছিলেন।
কক্সবাজার বাস মালিক গ্রুপের ব্যবস্থাপক মো. শহীদুল্লাহ বলেন, ১০ ঘণ্টা সরাসরি যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।