সড়কে ২৩ অবৈধ হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের প্রায় ৮০ কিলোমিটার সড়কের ওপর ২৩টি অবৈধ হাটবাজার স্থাপন করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দুই ঘণ্টার এই সড়কপথ পাড়ি দিতে সময় যাচ্ছে সাড়ে তিন থেকে চার ঘণ্টা। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়লেও অবৈধ হাটবাজার উচ্ছেদের ব্যাপারে কোনো উদ্যোগ নেই।
গতকাল বুধবার দুপুরে লিংকরোড, মরিচ্যাবাজার, কোটবাজার ও উখিয়ার দারোগাবাজার ঘুরে দেখা গেছে, সড়কের ওপরে হাটবাজার বসিয়ে বেচাবিক্রি হচ্ছে নানা তরিতরকারি, বাঁশ-কাঠ, মাছ-মাংসসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র। এ কারণে সড়ক দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল করতে পারছে না। কান-ফাটানো হর্ন বাজিয়ে রাস্তার ওপর থেকে মালামাল ও লোকজন সরিয়ে তারপর যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে যাত্রীদের সময় নষ্ট হচ্ছে। এই তিনটি বাজারে অবৈধভাবে তৈরি করা হয়েছে অন্তত পাঁচ শতাধিক দোকানপাট।
এ ছাড়া সড়কের পানেরছড়া, কুতুপালং, রোহিঙ্গা শরণার্থী বাজার, বালুখালী পানবাজার, থাইংখালী, পালংখালী, হোয়াইক্যং, কাঞ্জরপাড়া, ঝিমংখালী, নয়াবাজার, খারাংখালী, নীলা, জাদিমুরা, দমদমিয়া, কেরনতলীসহ বিভিন্ন স্থানে আরও ২০টি অবৈধ হাটবাজারে রয়েছে আরও অন্তত এক হাজার দোকানপাট।
কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিট প্রধান কাজী মিজানুর রহমান বলেন, রোজার মাসে সড়কের ওপর অবৈধ হাটবাজার বসার কারণে শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে উখিয়া সদরে যেতে দেড় ঘণ্টার বেশি সময় লাগছে। বিশেষ করে বেলা তিনটার পর থেকে ইফতারির সামগ্রী বিক্রির জন্য দোকানদারেরা সড়কের ওপর চলে আসেন। এ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
এই সড়কে চলাচলকারী বাসচালক নবী হোসেন বলেন, অবৈধ হাটবাজারের কারণে এক ঘণ্টার রাস্তা পার হতে দুই ঘণ্টা যাচ্ছে।
টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক আবুল হাশেম বলেন, মিয়ানমার থেকে সমুদ্রপথে আমদানি করা হিমায়িত মাছ, কাঠ, পেঁয়াজ, ছোলা, আদা, রসুন, মরিচসহ নানা পণ্য ট্রাকবোঝাই করে টেকনাফ থেকে চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে হচ্ছে। কিন্তু সড়কের ওপর অবৈধ হাটবাজার এবং যানজটের কবলে পড়ে পণ্যবোঝাই ট্রাক ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে। এতে বহু পণ্য পচে নষ্ট হচ্ছে।
টেকনাফ ট্রাকমালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাশেম বলেন, অবৈধ হাটবাজার দ্রুত উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু কারও সাড়া মিলছে না।
উখিয়া থানার ওসি অংসা থোয়াই বলেন, অবৈধ হাটবাজারের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে ঠিক, কিন্তু হাটবাজার উচ্ছেদ করতে জেলা প্রশাসনের নির্দেশ লাগবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি উখিয়া অংশের কয়েকটি হাটবাজার উচ্ছেদ করা হয়েছে। যানজট থেকে রোজাদারদের মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলম বলেন, কয়েক মাস আগেও যৌথ অভিযান চালিয়ে সদর, রামু ও উখিয়া সড়ক থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন পর আবার হাটবাজার গড়ে ওঠে। লোকবল-সংকটের কারণে যখন-তখন উচ্ছেদ অভিযানও চালানো যাচ্ছে না।
সারা দেশের ৩৫ জয়িতাকে সংবর্ধনা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সারা দেশের তৃণমূল পর্যায়ের ৩৫ জন ‘জয়িতা’কে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষা ও চাকরি, অর্থনৈতিক উন্নয়ন, সমাজ উন্নয়নসহ সাতটি বিভাগে সফল নারীদের প্রতীকী নাম দেওয়া হয়েছে ‘জয়িতা’।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের ‘জয়িতা অন্বেষণ’-এর মতো কার্যক্রম শুরু হয়েছে। এসব কর্মসূচির প্রেক্ষিতেই বাংলাদেশের নারীরা এখন আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীরা নিজেদের মানুষ হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে আত্মসচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সমাজের প্রায় অর্ধেক নারীকে বাদ দিয়ে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না।
এ সময় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।