সড়কের অর্ধেকই অবৈধ দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষানটেক এলাকার পুরো ফুটপাত ও রাস্তার বেশির ভাগ জায়গাজুড়ে বসছে বাজার। ফুটপাত ফাঁকা না থাকায় এলাকাবাসী ও পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ভাষানটেক এলাকার পুরো ফুটপাত ও রাস্তার বেশির ভাগ জায়গাজুড়ে বসছে বাজার। ফুটপাত ফাঁকা না থাকায় এলাকাবাসী ও পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

মিরপুর ১৪ নম্বর সেকশনের মোড় থেকে ভাষানটেক বাজার পর্যন্ত সড়ক ও ফুটপাতের বেশির ভাগই ব্যবসায়ীদের দখলে। সড়কের ওপর গড়ে উঠেছে দোকানপাট ও বাজার। সড়কটিতে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান, কলেজ ও আবাসিক এলাকা আছে। ফুটপাত না থাকায় এলাকাবাসী ও পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে।
গতকাল বুধবার দেখা যায়, মিরপুর ১৪ নম্বর থেকে ভাষানটেক বাজার পর্যন্ত প্রায় ১০০ ফুট প্রশস্ত সড়কের উভয় পাশেই সহস্রাধিক দোকান। এতে সড়কের অধিকাংশ জায়গা ইতিমধ্যে দখল হয়ে গেছে। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের উল্টো পাশে ফুটপাতের ওপর গড়ে উঠেছে কাঁচাবাজার। সৈকত প্লাজা নামের একটি বিপণিবিতানের সামনে গড়ে ওঠা এই কাঁচাবাজার কয়েক শ ফুট জুড়ে বসে।
কাঠের চৌকি নিয়ে সড়কে বসে পেঁয়াজ, রসুন বিক্রি করেছিলেন আলী আহমদ। তিনি বলেন, ‘এই বাজারের দোকানদারেরা কাউকে টাকা দিয়া দোকান বসায় না। আশপাশের বস্তির লোকজনই দোকান বসায়, কিনেও গরিব লোকজনই। আগে মার্কেটের লোকজন দোকান উঠায় দিতে চাইতো, এখন তারাও আর কিছু বলে না।’
ভাষানটেক এলাকায় রাস্তার দুপাশে আছে ঢাকা ডেন্টাল কলেজ, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। সড়ক ও ফুটপাতে হাঁটার উপায় না থাকায় এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয়। সরকারি হোমিওপ্যাথিক কলেজের মূল ফটকের সামনের দুপাশে গড়ে উঠেছে পুরাতন লোহার বিক্রির দোকান, রিকশার গ্যারেজ। ওই হাসপাতালের একজন কর্মচারী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এই দোকানদারেরা অনেক ক্ষমতাশালী। কলেজ কর্তৃপক্ষ পর্যন্ত এদের ঘাঁটাতে চায় না। কিছু বলতে গেলেই সব দোকানদার এক জোট হয়ে হামলা করতে আসে।’
ভাষানটেক পুনর্বাসন আবাসন প্রকল্পের সামনের সড়কে অসংখ্য দোকানপাট, গ্যারেজ গড়ে উঠেছে। ভাষানটেক আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, কয়েক বছর ধরেই সড়কের এই অবস্থা। ফুটপাত আছে ঠিকই, কিন্তু হাঁটার জো নেই। নির্বাচনের আগে কাউন্সিলর বলেছিলেন, সড়কের দোকান থাকবে না। কিন্তু যে অবস্থা তা-ই।
এ সড়কেই ভাষানটেক থানা অবস্থিত। থানার সামনের সড়ক দখল করেও গড়ে উঠেছে দোকানপাট। এ বিষয়ে ভাষানটেক থানার টহল পরিদর্শক মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ ভ্রাম্যমাণ দোকান থাকলে তুলে দেয়, কিন্তু এই সড়কে অবৈধ স্থায়ী স্থাপনা বানানো হয়েছে। এগুলো সিটি করপোরেশনের উচ্ছেদ করার কথা। পুলিশের পক্ষ থেকে একাধিকবার উচ্ছেদ চালাতে সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-২ মো. নায়েব আলী প্রথম আলোকে বলেন, এই সড়কে অবৈধ স্থাপনা আছে। সেগুলো উচ্ছেদে পুলিশের সঙ্গে কথা বলে উচ্ছেদের তারিখ নির্ধারণ করা হবে।
দেখা যায়, সড়কের ওপর মোটরসাইকেল ও গাড়ি মেরামত করা হয়। গড়ে উঠেছে রিকশার গ্যারেজ। টং দোকান বসেছে অনেক। পুরোনো কাঠ ও লোহা, লাকড়ি, টিন, বাঁশ বিক্রির দোকান রয়েছে ভাষানটেক বাজার পর্যন্ত। মিরপুর ১৪ নম্বর থেকে ভাষানটেকের দিকে এগিয়ে গেলে ফুটপাতের কোনো চিহ্নই চোখে পড়ে না। দ্রুতগতির কোনো গাড়ি এলে দোকান কিংবা গ্যারেজের ভেতরে ঠাঁই নিতে হয় পথচারীদের।