সড়কের ওপর গমমাড়াই যান চলাচলে ঝুঁকি
খেতের গম কেটে আনার পর মাড়াই, মাড়াই শেষে গম-খড় শুকানো। শুকানোর পর আবার সেসব খড় পালা করে রাখা—এসব কাজের সবই এখন চলছে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের ওপর। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, ওই সড়কের সদর উপজেলার মোলানী থেকে বালিয়াডাঙ্গীর ভানোর পর্যন্ত বিভিন্ন স্থানে পাকা গম কেটে স্তূপ করে রাখা হয়েছে। পাশেই ওই গম ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাড়াই করা হচ্ছে। মাড়াই শেষে গমের খড় সড়কের ওপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সড়কেই শুকানো হচ্ছে ওই সব খড়। খড় শুকানোর পর সড়কের পাশেই পালা করে রাখা হয়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন।
সদর উপজেলার মোলানী গ্রামের বাসিন্দা জব্বার আলী বলেন, মঙ্গলবার সকালে সড়কের ওই এলাকায় একটি মালবোঝাই পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কের পাশে পড়ে যান। সড়কে গমমাড়াই ও খড় বিছানো থাকায় মোটরসাইকেল আরোহী পিকআপটিকে সাইড দিতে দেরি করায় এ দুর্ঘটনা ঘটে।
একই উপজেলার ছেপড়ীকুড়া গ্রামের বাসিন্দা আরাফাত হোসেন বলেন, গমের খড় বিছানো সড়কে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ। গত বছর তিনি খড়ের ওপর পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
বালিয়াডাঙ্গীর কালমেঘ এলাকায় সড়কের ওপর গমমাড়াই করছিলেন কৃষক হবিবর রহমান। তিনি বলেন, ‘জমি থেকে বাড়ি অনেক দূরে। তাই গম কাটার পর খেতের পাশে মেশিন বসিয়ে গম মাড়াই করে নিচ্ছি। আর মাড়াইয়ের পর খড়গুলো পালা করে রাখছি।’ দুর্ঘটনা ঘটতে পারে স্বীকার করে তিনি বলেন, ‘কী করিমো, উপায় না থাকায় রাস্তাত গম মাড়িবা হছে।’
ঠাকুরগাঁও-হরিপুর সড়কের বাসচালক আমির আলী বলেন, ঠাকুরগাঁও থেকে হরিপুর পৌঁছতে কর্তৃপক্ষ তাঁদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে না পারলে পরদিন ট্রিপ বাতিল করে দেওয়া হয়। কিন্তু সড়কে গমমাড়াই ও শুকানোর কাজ করায় নির্দিষ্ট গতিতে গাড়ি চলানো যায় না। খড়ের ওপর দিয়ে বাস চালানো খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়ক দখলে নিয়ে এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তোলা হবে।’
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলে কর্তৃপক্ষ সহায়তা চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।