সড়কের ওপর ট্রান্সফরমার দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌ​র শহরের ব্যস্ততম কাজীর পয়েন্ট এলাকায় সড়কে তিন মাস ধরে ২৫০ কেভির এই বিদ্যুতের ট্রান্সফরমারটি রাখা হয়েছে। ২৪ আগস্ট তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জ পৌ​র শহরের ব্যস্ততম কাজীর পয়েন্ট এলাকায় সড়কে তিন মাস ধরে ২৫০ কেভির এই বিদ্যুতের ট্রান্সফরমারটি রাখা হয়েছে। ২৪ আগস্ট তোলা ছবি l প্রথম আলো

সড়কের ওপর বড় লোহার খাঁচা। খাঁচার ভেতরে উচ্চ ভোল্টেজের একটি বিদ্যুতের ট্রান্সফরমার। এর পাশ দিয়ে যানবাহন চলছে। চলছেন পথচারীরা। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই বিপজ্জনক খাঁচাটি সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম কাজীর পয়েন্ট এলাকায় তিন মাস আগে স্থাপন করে বিদ্যুৎ বিভাগ।
পৌরসভা সূত্রে জানা গেছে, কাজীর পয়েন্ট এলাকায় পৌরসভার পানি সরবরাহ ও পানি শোধনাগার অবস্থিত। তিন মাস আগে পানি শোধনাগারের পাশের সড়কে থাকা ট্রান্সফরমারটি বিকল হলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর বিদ্যুৎ বিভাগকে দ্রুত আরেকটি ট্রান্সফরমারের ব্যবস্থা করতে বললে তারা স্বল্প সময়ের জন্য ২৫০ কেভি ক্ষমতার এই ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সেখানে দেয়। বিকল হওয়া ট্রান্সফরমারটি দ্রুত মেরামত করে এনে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সরানোর কথা ছিল। এটি এখানে বেশিদিন থাকলে যেকোনো সময় সড়কে চলাচলকারী যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে অথবা পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই দুই মাস আগে বিষয়টি লিখিতভাবে স্থানীয় বিদ্যুৎ বিভাগকে জানিয়েছে পৌরসভা। কিন্তু বিদ্যুৎ বিভাগ সেটি এখনো সরায়নি। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার লোক যাতায়াত করে।
কাজীর পয়েন্ট এলাকার ব্যবসায়ী আবু মুরাদ বলেন, ট্রান্সফরমারটি যেভাবে সড়কের ওপর রাখা হয়েছে তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আরেক ব্যবসায়ী সুবল দাস বলেন, খাঁচাটি সড়কের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে রেখেছে। এই খাঁচার সঙ্গে প্রায়ই ইজিবাইকের ধাক্কা লাগে। যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরাও এই পথ দিয়েই স্কুল-কলেজে যাতায়াত করে।
সুনামগঞ্জ পৌরসভার প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেছেন, ‘এসব ট্রান্সফরমার সাধারণত স্বল্প সময়ের জন্য স্থাপন করা হয়। সড়কের ওপর এটি বিপজ্জনক অবস্থায় আছে। আমরা এটি সরানোর জন্য মৌখিক ও লিখিতভাবে বিদ্যুৎ বিভাগকে বলেছি।’
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান জানিয়েছেন, সুনামগঞ্জ কার্যালয়ের অধীন এটিই সবচেয়ে উচ্চক্ষমতার ট্রান্সফরমার। জরুরি বিধায় এটি দেওয়া হয়েছিল। আরেকটি ট্রান্সফরমারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। নতুন ট্রান্সফরমার পাওয়া গেলেই এটি সরানো হবে।