সড়কের ওপর বাজার, চলাচলে বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের জুম্মাপাড়া এলাকার ভেতরের একটি সড়কের দুই পাশে বসছে পাইকারি বাজার। ওই সড়ক দিয়ে চলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। বছরের পর বছর ধরে এ অবস্থা চলে এলেও ব্যবস্থা নেওয়া হয়নি।
এই পথ বাজারের পূর্ব দিকে জুম্মাপাড়ায় প্রবেশের কয়েকটি পথের একটি। পথটি প্রধান সড়ক থেকে রাজা রামমোহন মার্কেটের পেছন দিয়ে চলে গেছে। এই পাকা সড়ক দিয়ে জুম্মাপাড়ার একটি এলাকার বাসিন্দাসহ অনেককেই চলাচল করতে হয়। কিন্তু গত কয়েক বছর থেকে প্রায় ২০ ফুট প্রস্থের এই সড়কের দুই পাশে পাইকারি বাজার বসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের ওপর বাজার বসানোর বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
বিভিন্ন সময়ে সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চাল, আলু, বেগুনসহ বিভিন্ন প্রকারের সবজি বিক্রি করা হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা মালামাল কিনছেন। মালামাল বহনের জন্য রিকশাভ্যানও প্রবেশ করছে। আর ওই সড়কের ভেতর দিয়ে পথচারীরা ভোগান্তি সহ্য করে চলাচল করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ওই সড়কের ওপর বেচাকেনা চলে বলে স্থানীয় লোকজন জানান।
জুম্মাপাড়ার একজন নাগরিক রশীদ বাবু অভিযোগ করে বলেন, ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয়। এ অবস্থা চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না।
ওই সড়কের পাশে পাইকারি ব্যবসা করেন মো. নুরুল ইসলাম। তিনি বলেন, কাঁচামালের আড়তের ব্যবসার কারণে পথচারীদের অসুবিধা হয়, এ কথা ঠিক। তবে এ ব্যবসা দীর্ঘদিন থেকে এখানেই চলে আসছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী বলেন, এই সড়কটির ওপর থেকে পাইকারি বাজার ওঠানোর ব্যাপারে তিনি বহুবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। এই সড়ক দিয়ে যেকোনো ধরনের যানবাহনসহ লোকজনের চলাচল করা খুবই কষ্টকর ব্যাপার বলে তিনি মন্তব্য করেন।