সড়কের ওপর সবজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় স্টেশন সড়কের পাশে বসানো সবজির বাজার। এতে চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়ায় পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন। কখনো কখনো সৃ​িাষ্ট হচ্ছে যানজটের। ১৪ মে তোলা l ছবি: প্রথম আলো
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় স্টেশন সড়কের পাশে বসানো সবজির বাজার। এতে চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়ায় পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন। কখনো কখনো সৃ​িাষ্ট হচ্ছে যানজটের। ১৪ মে তোলা l ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকার সড়কের ওপর সবজিবাজার বসায় স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। বেশি কষ্ট পাচ্ছে শিক্ষার্থীরা। ছয়-সাত বছর ধরে এ পরিস্থিতি বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি।
স্থানীয় লোকজন জানান, ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকা রেলস্টেশনের ৩০০ মিটারে প্রতিদিন সকালে বসে পাইকারি সবজির বাজার। জেলার চাষিরা উৎপাদিত পণ্য বিক্রির জন্য বিভিন্ন যানবাহন নিয়ে ওই বাজারে ভিড় করেন। এটি জেলার অন্য চারটি উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক। এ কারণে সড়কটি দিয়ে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে। পাশাপাশি ওই এলাকায় ঠাকুরগাঁও সরকারি কলেজ, ইকো পাঠশালা, ইকো কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি হাসপাতালসহ স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা পরিষদের দপ্তর রয়েছে। সড়কটির প্রস্থ ২০ থেকে ২২ ফুট।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই পাশে ২০ থেকে ২৫টি সবজির আড়ত রয়েছে। এখানে পাইকারি দরে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, আলু, বেগুনসহ বিভিন্ন কাঁচা মালামাল বিক্রি হচ্ছে। বিক্রেতারা সড়কের দুপাশে বসে সবজি বিক্রি করছেন। সেই সঙ্গে পাইকার ও সাধারণ ক্রেতারা সবজি কিনছেন। এতে সংকুচিত হয়ে পড়ায় সড়কে যানবাহন চলাচলের জন্য মাত্র ১০ থেকে ১২ ফুট জায়গা থাকছে। ওই জায়গা দিয়েই বাস, ট্রাক, পিকআপ, ভ্যান ও রিকশা চলাচল করছে।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকার সড়কের ওপর সবজিবাজার বসানো হচ্ছে। ছয়-সাত বছর ধরে এ পরিস্থিতি বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি

বাজারে এসে সড়কের পাশে শাক বিক্রি করতে বসেছেন সদর উপজেলার আকচা গ্রামের রাজেন্দ্র নাথ। তিনি বলেন, সবজি বাজারের জায়গার সংকটের কারণে তাঁর মতো অনেক বিক্রেতাকে সড়কের ওপরই কেনাবেচা করতে হচ্ছে।
ইকো পাঠশালার শিক্ষার্থী ফারহান আহমেদের মা রওশন আরা বেগম জানান, পাঠশালার ক্লাস সকাল সাড়ে আটটায় শুরু হয়। আর সে সময়ই সবজি বাজারে চরম ভিড় থাকে। সড়কটিতে বাজার বসানোর কারণে ছোট ছেলেমেয়েদের নিয়ে ভিড় ঠেলে চলাচল করতে অসুবিধা হচ্ছে।
কলেজপাড়ার বাসিন্দা আমির আলী বলেন, বাজারটির পরিসর বাড়ায় দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এখানে এসে সবজি কিনে নিয়ে যান। এ কারণে প্রতিদিনই বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখনই এলাকাটি নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে তা কঠিন হয়ে উঠবে।
সবজি ব্যবসায়ী পরিমল সরকার বলেন, পথচারীদের ভোগান্তির কথা ভেবে যানবাহন নিয়ন্ত্রণের জন্য একজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
পৌর মেয়র এস এম এ মঈন বলেন, পথচারীরা যাতে নির্বিঘ্নে সড়ক দিয়ে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করা হবে।
সড়ক ও জনপথ বিভাগ ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল বলেন, রেলস্টেশন সড়ক খুবই ব্যস্ততম। কাজেই সেখানে হাটবাজার গড়ে ওঠা কোনোভাবেই কাম্য নয়। সম্প্রতি জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় বিষয়টি আলোচনা হয়েছে। সভায় তালিকা তৈরি করে সড়কের পাশের হাটবাজারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। আগামী মাস থেকে পর্যায়ক্রমে এ কার্যক্রম চালানো হবে।