সড়কের কাজ তাহলে করাচ্ছে কে?
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধরমপাশা গ্রামের পশ্চিমপাড়ার রহমত আলীর বাড়ি থেকে মড়লপাড়ার সামনের সড়কের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এর মধ্যে আধা কিলোমিটারের মতো পাকা। বাকি কাঁচা অংশে দুই সপ্তাহ ধরে বালু-পাথর ও রড দিয়ে ঢালাইয়ের কাজ করা হচ্ছে।
সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ জানে না, কে এই কাজ করাচ্ছে।
এলজিইডি এই কাজ সম্পর্কে কিছু না জানলেও এলাকার অনেকে বলছেন, কর্তৃপক্ষকে না জানিয়ে সড়কের কাজ করাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর। এটি তাঁর নিজ গ্রামের রাস্তা। তাঁর ছোট ভাই মুরাদ আহমদ কাজ দেখাশোনা করছেন। গত দুই সপ্তাহে প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে।
ধরমপাশা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আনিছুর রহমান বলেন, আলমগীর কবীরই এই সড়কের কাজ করাচ্ছেন।
নাম প্রকাশে অনচ্ছুিক এলজিইডির একাধিক ঠিকাদার বলেন, আগাম এই কাজ করা হচ্ছে। পরে স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দ থেকে এই কাজের বিল তোলা হবে।
সরেজমিনে দেখা যায়, ছয়-সাতজন শ্রমিক ঢালাইয়ের কাজ করছেন। তাঁরা বলেন, পুরো এক কিলোমিটার সড়কেরই কাজ হবে। সড়কের যে অংশে পুরাতন ঢালাই আছে, তার ওপরে নতুন করে ঢালাই করা হবে। শ্রমিকেরা জানান, তাঁদের মজুরি দিচ্ছেন আলমগীর কবীরের ছোট ভাই মুরাদ আহমদ।
এ ব্যাপারে জানতে চাইলে আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, ‘আমি সড়কের কাজ করাচ্ছি না। আমি এ বিষয়ে কিছুই জানি না।’ তাঁর ভাই মুরাদ আহমদ কাজের দেখভাল করছেন না বলেও তিনি দাবি করেন।
এদিকে মুরাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে এক ব্যক্তি ফোন ধরে বলেন, এটি মুরাদের নাম্বার নয়।
ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. নূরুল আলম চৌধুরী বলেন, ‘আমরা এই কাজ করাচ্ছি না। সড়কে কাজ হচ্ছে এটা শুনেছি। কে বা কারা এই কাজ করছে, তা আমরা জানি না।’
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন, ‘আমাদের কার্যালয় থেকে এ সড়ক উন্নয়নকাজের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কীভাবে এ সড়কের কাজ হচ্ছে, সে বিষয়ে আমার জানা নেই।’