সড়কের কাজে অনিয়ম ১৪ ড্রাম বিটুমিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল পৌরসভার সড়ক সংস্কারে পৌর প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এদিকে গতকাল শুক্রবার নিম্নমানের ১৪ ড্রাম বিটুমিন জব্দ করেছেন ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ্ আল খায়রুম।
তবে ঠিকাদার ও প্রকৌশলীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকদের চাঁদা না দেওয়ায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের এমন অভিযোগ করা হচ্ছে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক সংস্কারের জন্য দরপত্রের মাধ্যমে ৩২ লাখ ৫৮ হাজার ৮৩৭ টাকার কাজ পায় দিনাজপুরের মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ। কার্যাদেশ দেওয়া হয় গত ১০ জানুয়ারি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ বলেন, সহকারী প্রকৌশলী নুরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান ও কার্যসহকারী তসরিফুল আলম যোগসাজশ করে ৩২ লাখ ৫৮ হাজার ৮৩৭ টাকা ব্যয় নির্ধারণ করে দরপত্র আহ্বান করেন। পরে ঠিকাদারের সঙ্গে ওই তিনজন যোগসাজশ করে মূল ঠিকাদারের পরিবর্তে অন্য ঠিকাদারকে দিয়ে কাজ করিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে তিনিসহ ৫৭ জন এলাকাবাসী গত ২৫ জানুয়ারি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। এরপর ইউএনওর নির্দেশে সহকারী (ভূমি) কমিশনার সৈয়দ মাহমুদ হাসান ২৬ জানুয়ারি সংস্কারকাজ বন্ধ করে দেন। এর মধ্যে সহকারী প্রকৌশলী অন্যত্র বদলি হন। পরে গত বৃহস্পতিবার রাতে মনিরুজ্জামান ও তসরিফুল আবারও নিম্নমানের বিটুমিন ব্যবহার শুরু করেন। বিষয়টি স্থানীয় লোকজন তাঁকে (শফিকুল) জানালে তিনি ইউএনওকে বিষয়টি জানান। পরে ইউএনও ওই বিটুমিন জব্দ করেন।
মো. নুরুজ্জামান বলেন, আওয়ামী লীগের লোকজন তাঁর মাধ্যমে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছিলেন। তা না দেওয়ায় এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কাজটি মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ পেলেও তাদের অংশীদার মো. ওয়ারেশ নামের দিনাজপুর শহরের জনৈক ঠিকাদার কাজ করছেন বলে তিনি (নুরুজ্জামান) জানান। ওয়ারেশ বলেন, প্রগতি এন্টারপ্রাইজ তাঁর বড় ভাইয়ের। তাঁরা একসঙ্গে কাজ করেন। তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকদের দাবি করা চাঁদা না দেওয়ায় কাজের সমস্যা করা হচ্ছে। তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন। তবে শফিকুল আজাদ বলেন, প্রকৌশলী ও ঠিকাদার তাঁদের নিম্নমানের কাজের বিষয়টি ধামাচাপা দিতে এমন ভিত্তিহীন অভিযোগ করছেন।