সড়কের গাছ বিক্রি করল মাদ্রাসা কর্তৃপক্ষ
বগুড়ার শেরপুরে সাধুবাড়ী-মামুরশাহী সড়কের ৬৭টি গাছ বিক্রি করে দিয়েছে মামুরশাহী দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৩০টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে।
উপজেলার সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাহবুব উল আলম জানান, তাঁদের বিভাগের নিজস্ব বাগান না হলেও সড়কের ওপর থেকে গাছ কাটতে হলে তাঁদের দপ্তরের অনুমোদন নিতে হয়। ওই মাদ্রাসার কর্তৃপক্ষ এই অনুমোদন নেয়নি।
স্থানীয়রা জানান, এক যুগ আগে সড়কে মাদ্রাসার পক্ষ থেকে গাছ লাগানো হয়। গাছগুলো বেড়ে ওঠায় গ্রামের লোকজনের উপকারে এসেছিল। কিন্তু সম্প্রতি গাছগুলো মো. পিন্টু নামের এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। ওই ব্যবসায়ী গাছগুলো ৩ জুলাই থেকে কাটতে শুরু করেছেন।
মো. পিন্টু জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, সড়কটির উভয় পাশের গাছগুলো মাদ্রাসার। তিনি প্রতিটি গাছের মূল্য ৫০০ টাকা হিসাবে ৬৭টি গাছ কিনেছেন। এর মধ্যে ১৭টি গাছ কেটেছেন বলে তিনি দাবি করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাহেব আলী জানান, তাঁরা ওই সব গাছ মাদ্রাসার উদ্যোগে লাগিয়ে ছিলেন।