সড়কের দুই পাশে মাটি নেই বিপজ্জনক চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের যশোর সেনানিবাস এলাকা থেকে শানতলা পর্যন্ত দুই কিলোমিটারের মধ্যে গত দুই বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সড়কের এ অংশের দুই পাশে মাটি না থাকায় এবং মূল সড়ক থেকে দুই পাশ এক থেকে দেড় ফুট নিচু হওয়ায় এই দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানিয়েছেন৷
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের যশোর সেনানিবাস এলাকার অন্তত এক কিলোমিটারের মধ্যে রাস্তার দুই পাশে ইটের সলিং বসানো রয়েছে। কিন্তু মূল সড়ক ও সলিংয়ের মধ্যবর্তী এক থেকে দেড় ফুটের মতো ফাঁকা জায়গা রয়েছে। ওই ফাঁকা জায়গা মূল সড়ক থেকে এক ফুট নিচে৷ এ কারণে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিকশাসহ হালকা যানবাহনের চালকেরা দ্রুতগতির বাস ও ট্রাককে সাইড দিতে গিয়ে সলিংয়ে উঠতে পারেন না। এ সময় ওই ফাঁকা জায়গায় যানবাহন পড়ে দুর্ঘটনা ঘটে৷ শানতলা এলাকার এক কিলোমিটারে মূল সড়ক থেকে দুই পাশের মাটি অন্তত দেড় থেকে দুই ফুট নিচে রয়েছে। প্রতিদিন উত্তরবঙ্গগামী সহস্রাধিক ট্রাক মংলা ও নওয়াপাড়া নৌবন্দর থেকে মালামাল নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করে।
চূড়ামনকাটি বাজারের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকী বলেন, রাস্তার দুই পাশের মাটি না থাকার কারণে সেনানিবাস ও শানতলা এলাকায় গত দুই বছরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাইসাইকেল চালিয়ে খয়েরতলা এলাকার বাড়ি থেকে সেনানিবাসে নিজ কার্যালয়ে যাওয়ার পথে সেনাবাহিনীর এক সদস্য ও বেসরকারি সংস্থা আরআরএফের এক নারী কর্মকর্তা চূড়ামনকাটি থেকে শহরের কার্যালয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। আরেকটি দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তি নিহত হন৷
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার জানান, সেনাবাহিনী যশোর সেনানিবাস এলাকায় যশোর-ঝিনাইদহ সড়কের দুই পাশের এক কিলোমিটারে ইট বিছানো রাস্তা নির্মাণ করেছে৷ কিন্তু মূল সড়ক থেকে ওই রাস্তা এক থেকে দেড় ফুট দূরে৷ মধ্যবর্তী ফাঁকা জায়গা মাটি দিয়ে ভরাট করার উদ্যোগ নেওয়া হবে৷ ঢাকা-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার উপশহর ট্রাকস্ট্যান্ড, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচবাড়িয়া এলাকা হয়ে খাজুরা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কের দুই পাশে মাটি না থাকায় এ সড়কেও দুর্ঘটনা ঘটছে।
পাঁচবাড়িয়া এলাকার ইদ্রিস আলী অভিযোগ করেন, গত বছর এ সড়কে কাপের্টিং করা হয়েছে। কিন্তু সড়কের দুই পাশে মাটি দেওয়ার কথা থাকলেও ঠিকাদার তা দেননি। সওজ যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, রাস্তার দুই পাশে প্রচুর মাটি লাগে। এত মাটি ওই এলাকায় পাওয়া যায় না। সড়কের নিচ থেকে বেঁধে মাটি দিতে পারলে দুই পাশের মাটি সরে না। বড় প্রকল্পের আওতায় এনে কাজটি করতে হবে। এ জন্য সময় লাগবে।