সড়কের দুরবস্থার জন্য বৃষ্টিকে দুষলেন ওবায়দুল কাদের
সড়ক-মহাসড়কের দুরবস্থার জন্য বৃষ্টিকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অতিবর্ষণ অতি ক্ষতি করেছে। রাস্তাগুলো সচল করতে হিমশিম খাচ্ছি। দিবারাত্রি কাজ করেও বৃষ্টির সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়েছে। আসলে রাস্তা ভালো নেই।’
গতকাল শনিবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনের চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম নামের এক সংগঠন এ আলোচনার আয়োজন করে।
‘আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা, আধুলি নেতা ও হাইব্রিড নেতারা দলকে বেশি দুর্বল করছে’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শুধু জিনিসপত্রের মধ্যে না, আমাদের দলের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। চারদিকে পোস্টার ও বিলবোর্ড দেখলে মনে হয়, ঢাকা শহর নেতা তৈরির কারখানা। কর্মী তৈরি বন্ধ হয়ে গেছে।’
ওবায়দুল কাদের বলেন, দলের কিছু কিছু লোকের অপকর্ম সরকার, দল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অর্জনকে ম্লান করছে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক নেতা ক্ষমতা ও চাঁদাবাজি করার জন্য বিভিন্ন সংগঠনের নামে ‘রাজনীতির দোকান’ খুলে বসেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতির চেয়ে কূটনীতির ওপর বেশি ঝুঁকে পড়েছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাঁর মতে, ‘বিএনপি কোনো আন্দোলনেই জনগণকে শামিল করতে পারেনি। তাদের আন্দোলনের মরা গাঙে পানি আসবে না।’