সড়কের নাম পরিবর্তন না করায় ক্ষুব্ধ মুনতাসীর মামুন
খুলনা নগরের খুলনা-যশোর সড়কের নাম এখনো রাজাকার খান-এ-সবুরের নামে থাকায় ক্ষুব্ধ অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি গতকাল খুলনা প্রেসক্লাবে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময়কালে এ ক্ষোভ প্রকাশ করেন।
মুনতাসীর মামুন বলেন, রাজাকার খান-এ-সবুরের নাম খুলনার সড়কে রাখা যাবে না, এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। কিন্তু তারপরও খুলনা-যশোর সড়কটি রাজাকারের নামে চলছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে খুলনার মানুষ আন্তরিক নয়। আজ পর্যন্ত খুলনার মুক্তিযুদ্ধের পক্ষের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাইনবোর্ড থেকে নামটি মুছে ফেলেনি। সড়কটির নাম পরিবর্তন করার ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় ছাত্রলীগ, যুবলীগ ও ১৪-দলের নেতা-কর্মীদের সমালোচনাও করেন তিনি। খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শেখ তৈয়েবুর রহমানের সময়ে খুলনা-যশোর সড়কের নাম পরিবর্তন করে রাজাকার খান-এ-সবুরের নামে রাখা হয়। পরে মুনতাসীর মামুন নিজ উদ্যোগে সড়কটি থেকে খান-এ-সবুরের নাম বাদ দিতে হাইকোর্টে রিট করেন।
মুনতাসীর মামুন বলেন, আমাদের সংসদ সদস্যরা মাদ্রাসায় টাকা দেন, কিন্তু মুক্তিযুদ্ধের জন্য যেসব সংগঠন কাজ করে তাদের সহায়তা করেন না। খুলনায় স্থাপিত ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টে খুলনার কোনো সাংসদ এখনো পর্যন্ত সহায়তার হাত বাড়িয়ে দেননি। যদিও তাঁদের এটি গণতান্ত্রিক দায়িত্ব।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সম্পাদক শেখ বাহারুল আলম।