সড়কের পাশে আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান সড়কের পাশে ময়লা–আবর্জনার স্তূপ। পৌর কর্তৃপক্ষই এখানে এগুলো ফেলছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
প্রধান সড়কের পাশে ময়লা–আবর্জনার স্তূপ। পৌর কর্তৃপক্ষই এখানে এগুলো ফেলছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের প্রধান সড়কের থানা ভবনের সামনে ময়লা-আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এর পাশেই রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে পৌরবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। তবে বেশি সমস্যা হচ্ছে থানার পাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
কটিয়াদী পৌরসভার চার-পাঁচজন বাসিন্দা জানান, কটিয়াদী দ্বিতীয় শ্রেণির পৌরসভা। পরিচ্ছন্নতাকর্মী থাকলেও আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই। এ কারণে পরিচ্ছন্নতাকর্মীরা যত্রতত্র আবর্জনা ফেলতেন। এখন আবর্জনা ফেলার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে শহরের বাজার এলাকার থানা ভবনের সামনের স্থানকে।
আবর্জনা ফেলার স্থান লাগোয়া এলাকায় আছে কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, সাব-রেজিস্ট্রি কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রোজমেরি নামে একটি কিন্ডারগার্টেন।
আবর্জনা ফেলার স্থানটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওই ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব সাহা বলেন, ‘গন্ধ লুকাইয়া রাখার বিষয় না। মেয়রের সঙ্গে কথা বলে কিছু করা যায় কি না সে ব্যাপারে চেষ্টা করব।’
এ ব্যাপারে মেয়র তোফাজ্জল হোসেন খান বলেন, ‘আমাদের আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই।’ তবে তিনি প্রতিশ্রুতি দেন গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে ময়লা না ফেলার ব্যবস্থা করবেন তি।