সড়কের পাশে ময়লার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শমশেরনগরে চাতলাপুর সংযোগ সড়কের পাশে খোলা জায়গায় ময়লার স্তূপ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজারের শমশেরনগরে চাতলাপুর সংযোগ সড়কের পাশে খোলা জায়গায় ময়লার স্তূপ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চাতলাপুর সংযোগ সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন বাজারের ক্রেতা-বিক্রেতা, পাশের স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, মাছবাজারের পাশে সরকারি খাসজমিতে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে। আবর্জনার সঙ্গে যুক্ত হয়েছে মাছের আড়তের বর্জ্য-পানি। বাজারের পাশে একটি জুনিয়র হাই স্কুল ও একটি জামে মসজিদ। স্কুলে আসা শিক্ষার্থী-অভিভাবক ও মসজিদের মুসল্লিরা নাকে রুমাল দিয়ে বাজার পার হচ্ছেন। পাশের আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক সঞ্জয় দাশ গুপ্ত ও এক শিক্ষার্থীর অভিভাবক সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, স্কুলে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের অভিভাবকেরাও প্রায়ই এখানে আসেন। কিন্তু এখানকার ময়লা-আবর্জনার দুর্গন্ধে শ্বাস নেওয়া দায়।
এলাকার কয়েকজন জানান, সরকারিভাবে বাজারটি ইজারা দেওয়া হলেও বিধি মোতাবেক ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। বর্জ্য পরিষ্কারের দায়িত্বে থাকা লোকজন ময়লা নিয়ে সরকারি খাসজমিতে রেখে দিচ্ছে। বর্ষায় ময়লা-আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয়। এসব আবর্জনা অপসারণের জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আবর্জনায় সড়ক সংকীর্ণ হওয়ায় যাতায়াতেরও অসুবিধা হচ্ছে।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নেই। তাই পরিচ্ছন্নতাকর্মীরা সব ময়লা পাশের খাসজমিতে ফেলে যান।
কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ময়লা ফেলার স্থান ঠিক করার জন্য আবেদন পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।