সড়কের পাশের মাটি কেটে সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঢাল থেকে মাটি কেটে সেই সড়কের দুই পাশ সংস্কার করা হচ্ছে। এ জন্য রায়পুর উপজেলার রবিদাস থেকে হ্যাচারি এলাকা পর্যন্ত চার কিলোমিটার সড়কের ঢালে শতাধিক গর্ত করা হয়েছে। এক সপ্তাহ ধরে সড়ক সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদারের লোকজন এ কাজ করছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থান যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগ পেয়ে গতকাল রোববার লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি সড়কের ঢাল থেকে মাটি কাটার বিষয়টি দেখে ক্ষুব্ধ হন।
সওজ লক্ষ্মীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সড়কটির অধিকাংশ স্থানে দুই পাশে (সোল্ডার) মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। এ জন্য রবিদাস পুল থেকে হ্যাচারি পর্যন্ত ৪ হাজার ২০০ মিটার সংস্কারের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্ত ছিল ঠিকাদার অন্য স্থান থেকে মাটি এনে সড়কের দুই পাশ সংস্কার করবেন। আরজু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সাড়ে ছয় লাখ টাকার এ কাজ পায়।
তাঁরা আরও জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন খুলনা, ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন অঞ্চলের কয়েক শ যানবাহন চলাচল করে। এ অঞ্চলের মধ্যে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কটি ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত।
জানতে চাইলে এলজিইডি রায়পুর কার্যালয়ের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাল থেকে গর্ত করে মাটি নেওয়ার কারণে সড়ক দুর্বল হয়ে পড়েছে। এতে বৃষ্টির সময় সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
ঠিকাদার অহিদুর রহমানের সঙ্গে গত দুই দিনে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর প্রতিনিধি মহিউদ্দিন বলেন, ‘কাজটি আমি করাচ্ছি। মাটি না থাকার কারণে সড়কের ঢালের নিচের কয়েকটি স্থান থেকে মাটি নেওয়া হয়েছে। গর্তগুলো পরে ভরাট করে দেব।’ সওজ রায়পুরের উপবিভাগীয় প্রকৌশলী ফয়েজ আহমেদ বলেন, দূর থেকে মাটি এনে সড়কের দুই পাশে ফেলার কথা। ঠিকাদারকে ঢাল থেকে মাটি না কাটার জন্য বলা হয়েছে। গর্তগুলো ভরাট করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।