সড়কের মরা গাছ এখন মরণফাঁদ
রংপুর-পীরগাছা আঞ্চলিক মহাসড়কে পীরগাছা উপজেলার কদমতলী বাজার থেকে উপজেলা পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার সড়কের দুই পাশে দুই শতাধিক বড় আকারের গাছ মরে শুকিয়ে গেছে। ডাল ভেঙে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় পুরো গাছ ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘদিন থেকে গাছগুলো মরা অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে সরকার কয়েক লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, তিন কিলোমিটার সড়কের দুই পাশে বিশাল আকৃতির চার শতাধিক রেইনট্রি ও কড়ই গাছ রয়েছে। এর মধ্যে দুই শতাধিক গাছ মারা যাওয়ার পর সেগুলোর ডালপালা শুকিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে গাছগুলো মরে পড়ে রয়েছে। মাঝেমধ্যেই মরা গাছের ডাল ভেঙে দুর্ঘটনা ঘটছে। গত ছয় মাসে গাছের ডাল ভেঙে অনেকে আহত হয়েছেন। এ সড়ক দিয়ে প্রতিদিন বাস-ট্রাকসহ ছোট-বড় অসংখ্য যান চলাচল করে। ফলে যেকোনো সময় মরা গাছ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এসব মরা গাছ বিক্রি করলে সরকারের ৫০ থেকে ৬০ লাখ টাকা রাজস্ব আয় হতো। বিক্রি না করায় রাতের আঁধারে কিছু গাছ চুরিও হয়ে যাচ্ছে।
উপজেলার চণ্ডীপুর এলাকার রেজাউল করিম বলেন, এই সড়ক দিয়ে চলার সময় তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কর্তৃপক্ষ গাছগুলো বিক্রি না করায় সবাই ঝুঁকির মধ্যে রয়েছে।
পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান বলেন, মরা গাছগুলোর কারণে বর্তমানে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে জানানো হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রংপুর সওজের নির্বাহী প্রকৌশলী সাদিকুর রহমান বলেন, জেলা পরিষদের সঙ্গে কথা বলে ওই সড়কের মরা গাছগুলো নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।