সড়কের সঙ্গে সীমানাপ্রাচীর নেই, ঝুঁকিতে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই নবাবগঞ্জ–আফতাবগঞ্জ সড়ক। সীমানাপ্রাচীর এবং সড়কে গতিরোধক না থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই নবাবগঞ্জ–আফতাবগঞ্জ সড়ক। সীমানাপ্রাচীর এবং সড়কে গতিরোধক না থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কের পাশে অবস্থিত রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো সীমানাপ্রাচীর নেই। সেই সঙ্গে সড়কের দুই পাশে নেই কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা গতিরোধক। এ কারণে ঝুঁকিতে আছে বিদ্যালয়ের শিশুরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে বিনোদনগর ইউনিয়নের রামভদ্রপুরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক এবং ২৪৭ জন শিক্ষার্থী আছে।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পূর্ব দিক দিয়ে নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়ক। এর পাশে বিদ্যালয়ের এক একরের একটি খেলার মাঠ। প্রাক্-প্রাথমিকের পাঠদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা ছোটাছুটি করে সড়ক পার হয়ে বাসায় যাচ্ছে। বেলা দেড়টায় টিফিনের সময়ও শিক্ষার্থীরা এভাবে সড়ক পার হয়ে বাড়িতে যাওয়া-আসা করছে। অনেকে মাঠে ক্রিকেট ও ফুটবল খেলছে। প্রায়ই ওই ক্রিকেট বল ও ফুটবল সড়কের ওপর চলে যাওয়ায় সেগুলো নিতে শিক্ষার্থীরা সড়ক পার হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের দুই পাশে সতর্কীকরণ চিহ্ন বা গতিরোধক না থাকায় প্রতিদিন দ্রুতগতিতে মোটরসাইকেল, ভটভটিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন সাগর, সুজন মিয়া ও সুমাইয়া আখতার বলে, সড়ক দিয়ে সব সময় দ্রুতগতিতে যানবাহন চলাচল করায় তারা ভয়ে থাকে।
অভিভাবক সাথিউর রহমান, সামছুল ইসলাম ও খোরশেদা আখতার বলেন, সীমানাপ্রাচীর না থাকায় বাচ্চারা কখন ছোটাছুটি করে সড়কে চলে এসে দুর্ঘটনা ঘটায়, সেই আতঙ্কে থাকেন তাঁরা।
সহকারী শিক্ষিকা খাদিজা খানম বলেন, ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের পাঠদান শুরুর পরে বিদ্যালয়ের কলাপসিবল গেটে তালা দিয়ে দেওয়া হয়। বিদ্যালয়টিতে সীমানাপ্রাচীর থাকলে তাঁরা একটি নির্দিষ্ট গেট দিয়ে শিশুদের চলাচল করাতেন। এতে ঝুঁকি কম হতো।
প্রধান শিক্ষক আশরাফুল হক জানান, দুই বছর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য চাহিদা চাওয়া হয়েছিল। তিনি চাহিদাপত্র দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। পরে স্থানীয় সাংসদের কাছে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ চেয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সীমানাপ্রাচীর নির্মাণে অতিরিক্ত বরাদ্দ চাওয়ায় উপজেলা এলজিইডির প্রকৌশলীরা কাজ করছেন না।
সড়ক ও জনপথ বিভাগের দিনাজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এজাজুল হক জানান, যেসব সড়কের প্রয়োজনীয় স্থানে সতর্কীকরণ চিহ্ন বাদ পড়েছে, অচিরেই সেসব সড়কে চিহ্ন দেওয়া হবে।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের সাংসদ শিবলী সাদিক জানান, সীমানাপ্রাচীরের জন্য তিনি বরাদ্দের ব্যবস্থা করবেন।