সতত শুভকামনা
আজ বহু প্রতীক্ষার পর এসেছে বাংলা নববর্ষ ১৪১৯। আশায় বুক বেঁধে বাঙালি স্বাগত জানাচ্ছে শুভ নববর্ষকে। বর্ণাঢ্য শোভাযাত্রা, ঘোড়দৌড়, হাডুডু খেলাসহ বাঙালি সংস্কৃতির ঐহিত্যবাহী নানা আয়োজনে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নববর্ষ উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি। এর আগে চৈত্রসংক্রান্তিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানিয়েছে নানা সংগঠন।গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলার কোটাল দুর্গের পশ্চিম পাশে এলাকার সিদ্ধান্তবাড়ী শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের সামনে বহু বছর আগে এ মেলা শুরু হয়। মেলার আগে ১০ দিনব্যাপী হিন্দুধর্মাবলম্বীদের পূজা-অর্চনা ও উৎসব হয়।শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক ও কোটালীপাড়ার ইতিহাস গবেষক গৌরাঙ্গ লাল চৌধুরী বলেন, চৈত্রসংক্রান্তির ১০ দিন আগে পাট স্নানের মাধ্যমে এই পূজার সূচনা হয় এবং পয়লা বৈশাখে মেলার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। একসময় ধর্মীয় বাতাবরণের মধ্যে থাকলেও বৈশাখী মেলা সিদ্ধান্তবাড়ীর পুরো অনুষ্ঠানকে সর্বজনীনতা দিয়েছে। সব ধর্মের মানুষ বিনোদনের জন্য এখানে আসে। এ উপলক্ষে সিদ্ধান্তবাড়ী মন্দির প্রাঙ্গণে চড়ককে ঘিরে বসে গ্রাম্য মেলা। মৃৎ, বাঁশ, বেতসহ নানান শিল্পকর্মের সমারোহ ঘটে মেলায়। কাল অনুষ্ঠিত হবে মহোৎসব।ফরিদপুর: সদরপুর উপজেলার চর চাঁদপুর বাজারের পাশে বসে এ মেলা। প্রতিবছর বাংলা বর্ষপঞ্জির শেষ দিন গত শুক্রবার অর্থাৎ চৈত্রসংক্রান্তিতে বসে এ মেলা। মেলার আয়োজক স্থানীয় পাওনা নামের একটি পরিবার। স্থানীয় ইউপি চৌকিদার সুকুমার পাওনা জানান, তাঁদের পূর্বপুরুষেরা এ মেলা শুরু করে। মেলায় মিষ্টিজাতীয় খাদ্য নিয়ে আসেন সদরপুরের মো. মোকসেদ। তিনি বলেন, ‘৪০ বছর ধরে আমি এ মেলায় আসি। এ মেলায় বেচাকেনা ভালো হয়। বিপুল লোকসমাগম হয়।’ চরচাঁদপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন মজুমদার জানান, পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর চৈত্রসংক্রান্তিতে এ মেলার আয়োজন করা হয়। মেলা সামনে রেখে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসু খাঁ বলেন, ‘এ মেলা আমাদের এলাকার একটা ঐতিহ্য। মাত্র এক দিনের এই মেলার জন্য সারা বছর আমরা তাকিয়ে থাকি, কবে আসবে মেলা।’