পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ভূমি অফিসে সেবা নিতে এসে গ্রাহকদের আর হয়রানির শিকার হতে হবে না, পড়তে হবে না বিড়ম্বনায়, গুনতে হবে না অতিরিক্ত টাকা। কলাপাড়ার ভূমি প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। আর এই সাহসী উদ্যোগ নিয়েছেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস।
‘সততা আন্দোলন’ স্লোগানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস তাঁর ২৯ কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কলাপাড়া উপজেলা ভূমি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার শপথ গ্রহণ করেছেন।
সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সততা আন্দোলনের শপথ পাঠ করান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান।
শপথ বাক্যে বলা হয়েছে, ‘মহান সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করছি যে, যত দিন সরকারি চাকরিতে নিয়োজিত থাকব তত দিন সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতার সঙ্গে সেবাগ্রহীতার সেবা প্রদান করব। সর্বদা রাষ্ট্র এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।’
সততার আন্দোলনের এই শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন প্রমুখ।
বিপুল চন্দ্র দাস দৃঢ়তার সঙ্গে বলেন, ‘পেশাদারত্বের সততা শতভাগ বজায় রাখতে হবে। উৎকোচ ছাড়াই ভূমিসংক্রান্ত জনগণের সব সেবা দেওয়া হবে। মাথা উঁচু করে সেবার মানসিকতা নিয়ে আজ থেকে শুদ্ধ পথে চলার আন্দোলন শুরু করলাম।’