সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখবে এই পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রসঙ্গ এলেই সামনে চলে আসে দুর্নীতি। অথচ, এ দেশেরই একজন ব্যবসায়ী সততা ও মানবিক মূল্যবোধ উঁচিয়ে ধরে সফল হয়েছেন। ব্যবসায় নৈতিকতা ও স্বচ্ছতার জন্য বিজনেস ফর পিস পুরস্কার অর্জন করেছেন। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের ব্যবসায় নোবেলখ্যাত এ পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশের অন্য ছবি তুলে ধরেছে। এই পুরস্কার দেশের মানুষকে সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে উদ্বুদ্ধ করবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে লতিফুর রহমানকে অভিনন্দন জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এই অভিমত দিয়েছেন। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর যৌথ এই আয়োজনে লতিফুর রহমানকে তাঁর কাছের মানুষেরা শুভেচ্ছা জানান। আর পরিচিত মানুষদের এই অভিনন্দনে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন লতিফুর রহমান।সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে গান, ফুলের শুভেচ্ছা, বক্তৃতা—সবই ছিল। কিন্তু আড়ম্বরের তুলনায় আয়োজনটা অনেকটা অনানুষ্ঠানিক হওয়ায় অতিথিরাও মুগ্ধতা নিয়ে তা উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ আর ‘তুমি কোন কাননের ফুল’ গানের মধ্য দিয়ে শুরু হয় গতকালের অনুষ্ঠান। এরপর বক্তৃতার ফাঁকে লতিফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্টার উইকেন্ড ম্যাগাজিনের সম্পাদক আশা মেহেরিন আমিন ও প্রথম আলোর মানবসম্পদ বিভাগের কর্মকর্তা বিলকিস বানু। শিল্পী শেখ আফজালের আঁকা একটি প্রতিকৃতি উপহার দেওয়া হয়। মাহমুদুজ্জামান বাবু গেয়ে শোনান ‘বাংলাদেশের গান’ ও ‘আমি বাংলায় গান গাই’।স্বাগত বক্তব্যে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘বিশ্বে বিভিন্নভাবে বাংলাদেশ তিরস্কৃত হয়। কেউ হয়তো ধারণা করতেও পারত না, আমাদের একজন সততার জন্য বিশ্বে নন্দিত হয়েছেন।’ সাংবাদিকতায় স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে লতিফুর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলতে চাই, ২১ বছরেরও বেশি সময় ধরে আমি লতিফুর রহমানের সঙ্গে কাজ করছি। এক মুহূর্তের জন্যও সাংবাদিকতার পৃথিবীতে ওনার (লতিফুর রহমান) কোনো উপস্থিতি ছিল না। কিন্তু আমার কাজ কিংবা ডেইলি স্টার, প্রথম আলোয় প্রকাশিত অনেক লেখার কারণে তাঁকে খেসারত দিতে হয়েছে।’শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেছেন, বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তি, তা হচ্ছে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ। দুর্নীতিগ্রস্ত এ দেশে নৈতিকতার আদর্শ থেকে বিচ্যুত না হয়েও সততার সঙ্গে যে ব্যবসা করা যায়, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন লতিফুর রহমান। তাঁর বিজনেস ফর পিস পুরস্কার পাওয়াটা অনেক বড় অর্জন। তিনি বলেন, ‘লতিফুর রহমানের মতো মানুষ পেলে অনেক হতাশার মধ্যেও আমরা আশার কারণ খুঁজে পাব। ব্যবসা-বাণিজ্যে দেশ এগিয়ে যাবে।’শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিজনেস ফর পিস পুরস্কারপ্রাপ্তিতে লতিফুর রহমানকে অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। এমনিতেই বাংলাদেশের ভাবমূর্তির কথা বললে প্রথমেই চলে আসে দুর্নীতির প্রসঙ্গটি। তার মধ্যে ব্যবসার কথা এলে লোকজন সন্দেহ করে যে, এ থেকে দুর্নীতির সূত্রপাত। সেখানে একজন ব্যবসায়ী সফল হবেন, সততা ও শান্তির জন্য পুরস্কার পাবেন, সেটা জাতির জন্য গৌরবের ও খুশির খবর। জাতিকে এ গৌরবের সুযোগ করে দেওয়ার জন্য লতিফুর রহমানকে অভিনন্দন।সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী তাঁর সঙ্গে লতিফুর রহমানের পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের উল্লেখ করে বলেন, লতিফুর রহমানের পাশে তাঁর স্ত্রী শাহনাজ রহমান না থাকলে তিনি এত সহজে এতটা পথ পেরোতে পারতেন না।এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ্ দৌলার মতে, লতিফুর রহমানের এ স্বীকৃতি ব্যবসায়ীদের গর্বিত করেছে। এর ফলে ব্যবসায়ীরা সততার সঙ্গে ব্যবসা করে যাবেন। তিনি লতিফুর রহমানকে সংসদে অভিনন্দন জানাতে সরকারের কাছে প্রস্তাব দেন।নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, সততা, একাগ্রতা, সাহস ও দৃঢ়চিত্ততা লতিফুর রহমানকে আজ এই অবস্থানে এনেছে।বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ব্যবসায়ীদের মধ্যে উজ্জ্বল তারা নেই। কিন্তু লতিফুর রহমান তার মধ্যে ব্যতিক্রম।সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লতিফুর রহমান আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ পুরস্কারের ব্যাপারে আমি এর আগে নিজেই জানতাম না। তাই প্রথম যখন জানলাম পুরস্কারটি পেয়েছি, নিজের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে। তবে পুরস্কারটি অর্জন নিঃসন্দেহে গৌরবের।’ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, ‘আমার আজকের এ সাফল্যের পেছনে আমার স্ত্রীর অসাধারণ ভূমিকা রয়েছে। এ ছাড়া দুই মেয়ে, এক ছেলেসহ আমার পরিবারের সবাই আমাকে প্রেরণা জুগিয়েছে। এর পাশাপাশি বন্ধু ও শুভানুধ্যায়ীরা সব সময় আমার প্রতি যে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন, তার কোনো তুলনা হয় না।’অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ধন্যবাদ জানাতে গিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার—আমরা সামগ্রিকভাবে বিশ্বাস করি, বাংলাদেশ এগিয়ে চলেছে। এ ধারা অব্যাহত রাখতে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা প্রয়োজন। তাই যেকোনো শুভ কাজ, ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত থাকব। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সাহস দৃঢ় হচ্ছে। আরও সাহস নিয়ে এগিয়ে যাব।’