সততা বিসর্জনের কড়া জবাব দিলেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন সৎ ও যোগ্য প্রার্থী। এলাকার লোকে তাঁর নির্বাচনী খরচ জুগিয়েছেন। সে ২০০৯ সালের কথা। সেবার তিনি বিপুল ভোট বিজয়ী হন। সেই প্রার্থীই এবার উপজেলা পরিষদ নির্বাচনে ধরাশায়ী হলেন। মাত্র ১৬৪ ভোট পাওয়ায় জামানতটাই বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর।
তাঁর নাম নুরুন্নবী দুলাল। ভোটারদের অভিযোগ, গতবার চেয়ারম্যান হওয়ার পর দুলাল দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। তাই রংপুরের তারাগঞ্জের ভোটাররা এবার তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
ভোটাররা আরও অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পর এলাকায় না থেকে রংপুর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন দুলাল। এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেননি। জাতীয় পার্টি ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একসময়ের স্বচ্ছ ভাবমূর্তির মানুষটি এভাবে অসৎ হয়ে পড়ায় ভোটাররা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
নুরুন্নবী দুলাল অবশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, বর্তমান সরকার উপজেলা চেয়ারম্যানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাজের সঙ্গে গুলিয়ে ফেলেছে। কোনো কিছুর ব্যর্থতার জন্য জনগণ চেয়ারম্যানকে ধরতে পারলেও ইউএনও সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে ধরাছোঁয়ার বাইরে থাকেন। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার উপজেলা পরিষদকে অকার্যকর করে রাখায় জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে তেমন কাজ করতে পারিনি। তাই জনগণ এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নতুন মুখ বেছে নিয়েছেন।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নুরুন্নবী দুলাল ১৬ হাজার ৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। আর এবার তিনি একই পদে ভোট পেয়েছেন ১৬৪টি। এ কারণে তিনি জামানত হারিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তারাগঞ্জের জগদীশপুর গ্রামে নুরুন্নবী দুলালের বাড়ি। বিগত এরশাদ সরকারের আমলে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওই সময় সৎ জীবনযাপন করায় সাধারণ মানুষ তাঁর প্রতি মুগ্ধ হন। ১৯৯১ সালে বিএনপি সরকার এসে উপজেলা পরিষদ বাতিল করলে তিনি অর্থসংকটে পড়েন। স্থানীয় লোকজন কাছ থেকে তা দেখেন। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন নিয়ে প্রার্থী হলে এলাকার জনগণ চাল, ধান, গম বেচে ও নগদ টাকা দিয়ে তাঁর নির্বাচনী খরচ চালান। জনগণের ভালোবাসায় ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীকে হারিয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
উপজেলার হাজীপুর দোলাপাড়া গ্রামের কৃষক আকবর আলী অভিযোগ করেন, ছেলেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরি দেওয়ার কথা বলে নুরুন্নবী দুলাল তাঁর কাছে দুই লাখ টাকা চান। দুই বছর আগে ২২ শতক জমি বিক্রি করে তিনি তাঁর হাতে এক লাখ ৬০ হাজার টাকা দেন। পরে চাকরি, টাকা—কোনোটাই দিতে না পারলে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন। পরে কৌশলে বিভিন্নভাবে চেয়ারম্যান তাঁকে ৮০ হাজার টাকা ফেরত দেন। এখনো ৭০ হাজার টাকা তিনি ফেরত দেননি।
ইকরচালি ইউপির চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, চাকরি দেওয়ার নামে কৃষক আকবরের কাছ থেকে উপজেলা চেয়ারম্যানের টাকা নেওয়ার ঘটনাটি সত্য।
সয়ার কলেজপাড়া কবরস্থান সংস্কার প্রকল্পের সভাপতি আশরাফ উদ্দিন অভিযোগ করে বলেন, টিআরের তিন টন চাল বরাদ্দ দিয়ে নুরুন্নবী দুলাল তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা উৎকোচ নিয়েছিলেন।
এসব অভিযোগ প্রসঙ্গে নুরুন্নবী দুলাল বলেন, ‘কৃষক আকবর আলীর ছেলেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছি, এমন ডকুমেন্ট (প্রমাণ) তাঁর কাছে নাই।’ টিআর ও অন্যান্য দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব আজেবাজে কথা।’