সততা স্টোরে সততার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের একটি কক্ষে খোলা হয়েছে সততা স্টোর নামের নানা পণ্যের বিক্রয়কেন্দ্র। সেখানে তদারকির জন্য নেই কেউ। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের খাবার বা পণ্য কিনে নির্ধারিত বাক্সে টাকা রেখে যায়। সততার শিক্ষা দেওয়ার জন্য এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুর উচ্চবিদ্যালয় থেকে তোলা  l প্রথম আলো
বিদ্যালয়ের একটি কক্ষে খোলা হয়েছে সততা স্টোর নামের নানা পণ্যের বিক্রয়কেন্দ্র। সেখানে তদারকির জন্য নেই কেউ। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের খাবার বা পণ্য কিনে নির্ধারিত বাক্সে টাকা রেখে যায়। সততার শিক্ষা দেওয়ার জন্য এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুর উচ্চবিদ্যালয় থেকে তোলা l প্রথম আলো

ছোট্ট একটি কক্ষের টেবিলে সাজিয়ে রাখা হয়েছে চকলেট, শিঙাড়া, খাতা-কলম। এক পাশে ঝুলছে চিপস ও চানাচুরের প্যাকেট। সেসবের পাশে দেয়ালে টানানো হয়েছে জিনিসপত্রের মূল্যতালিকা। তালিকার ওপর বড় হরফে লেখা সততা স্টোর। কক্ষে ঢুকে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনমতো যেকোনো খাবার বা জিনিস নিয়ে টেবিলে রাখা নিবন্ধন খাতায় তা তুলে রাখছে। এরপর মূল্যতালিকা দেখে টাকা জমা করছে পাশে রাখা একটি বাক্সে।

কোনো রকম তদারকি ছাড়াই এভাবে চলছে সততা স্টোর। খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ে গত ২১ মার্চ চালু হয়েছে এই বিক্রয়কেন্দ্র। শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে এবং সততা ও নৈতিকতা শেখাতে এমন উদ্যোগ নিয়েছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ। তদারকিহীন এই বিক্রয়কেন্দ্রের জিনিসপত্র সরবরাহ করা থেকে শুরু করে পরিচালনার সব দায়িত্বই বিদ্যালয় কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের প্রয়োজন মেটানোর পাশাপাশি এটি নৈতিকতার প্রশিক্ষণকেন্দ্র হিসেবেও কাজ করছে বলে জানান বিদ্যালয়টির শিক্ষকেরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, সততা স্টোরে গড়ে প্রতিদিন ২ হাজার ৬০০ টাকার জিনিসপত্র বিক্রি হচ্ছে।

১০ এপ্রিল হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারি করে সততা স্টারে প্রবেশ করে কেনাকাটা করছে। এই সময় বেশ কয়জন শিক্ষার্থীরা সঙ্গে কথা হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থী আছমা আক্তার, রাজন বড়ুয়া, সপ্তম শ্রেণির রামুছা ত্রিপুরা ও নবম শ্রেণির ভুলো সেন চাকমা জানায়, বিক্রয়কেন্দ্রটি দেখে সবাই প্রথমে অবাক হয়েছিল। শিক্ষকেরা বিস্তারিত বুঝিয়ে বলার পর বিষয়টি সবারই ভালো লাগে। এই বিক্রয়কেন্দ্রে এসে প্রত্যেককে সততার পরীক্ষা দিতে হচ্ছে। সবার সততার চর্চাও হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দেওয়া ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে সততা স্টোর চালু করা হয়। লাভের উদ্দেশ্যে নয়, মূলত শিক্ষার্থীদের সৎ মানুষ করে গড়ে তুলতেই এই উদ্যোগ। এখানে স্থানীয় বাজারের দোকানের চেয়ে প্রতিটি জিনিসের দাম এক থেকে দুই টাকা কম রাখা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম বলেন, ‘আমরা মূলত শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা সৃষ্টি এবং সততার মনোভাব বিকশিত করার জন্য স্টোরটি চালু করেছি। কয়েক মাস পর্যবেক্ষণ করার পর সততা স্টোরের পুঁজি আরও বাড়াব।’

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম বলেন, সততা স্টোর মূলত শিক্ষার্থীদের জন্য সততা ও নৈতিকতার প্রশিক্ষণকেন্দ্র। ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত সততা স্টোর থেকে পণ্য কিনে শিক্ষার্থীরা যে শিক্ষা পাবে, তাতে তাদের মনের মধ্যে সততার বীজ বপন হবে। যা পরবর্তী শিক্ষাজীবন, কর্মজীবনে সততার আলোকরশ্মি ছড়াবে।