সততার দৃষ্টান্ত প্রতিবন্ধী আবছার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল আবছার
নুরুল আবছার

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা বানোয়ার পাড়ার শারীরিক প্রতিবন্ধী নুরুল আবছার। সংসারের খরচ জোগাতে তিনি পদুয়া তেওয়ারী হাটে চটের ব্যাগ বিক্রি করেন। গত রোববার সন্ধ্যায় রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে সোনার গয়না পান তিনি। মসজিদের মাইকে তা প্রচার করেন। বাজারের ব্যবসায়ীদেরও বিষয়টি জানান। গতকাল সোমবার সোনার গয়নার মালিককে তা ফেরত দিয়েছেন তিনি।
পদুয়া তেওয়ারী হাটের ব্যবসায়ীরা জানান, কুড়িয়ে পাওয়া ব্যাগে সোনার চেইন, চুড়ি ও নাকের দুল ছিল। যার ওজন প্রায় তিন ভরি। নুরুল আবছার বাজারের মসজিদের মাইকে তা প্রচার করেন। নিজ খরচে পুরো বাজার ঢোল বাজিয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে সোনার গয়না নিয়ে যেতে অনুরোধ করেন। গতকাল দুপুরে উপজেলার উত্তর আমিরাবাদের গৃহবধূ কমরু আখতার হারিয়ে যাওয়া গয়না তাঁর বলে জানান। যথাযথ প্রমাণও দেন। পরে বাজার পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম, আবুল হাসেম, মো. ইসমাইল ও মো. আনোয়ার উপস্থিতে গয়না ওই গৃহবধূর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
ব্যবসায়ী আবুল হাসেম বলেন, দরিদ্র প্রতিবন্ধী হয়েও নুরুল আবছার সোনার গয়না ফেরত দিয়েছেন। এটি সত্যিই প্রশংসনীয়। সততার জন্য সবাই মিলে তাঁকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
গৃহবধূ কমরু আখতার জানান, ‘গয়নাগুলো ফিরে না পেলে আমার প্রবাসী স্বামী আমাকে ভুল বুঝত। আমি নানা মানসিক চাপে থাকতাম।’
নুরুল আবছার বলেন, যার গয়না হারিয়েছে, তাঁকে তা ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।